নিরাপদ করিডর প্রস্তুত, এবার আসতে পারেন: সন্ত্রাসীদের প্রতি রাশিয়া
-
সিরিয়ার পূর্ব গৌতা।
সিরিয়ার পূর্ব গৌতা এলাকা থেকে দামেস্কের সরকার বিরোধী সন্ত্রাসীরা যাতে অন্যত্র চলে যেতে পারে সে লক্ষ্যে রাশিয়া তাদের জন্য নিরাপদ পথ তৈরি করে দিয়েছে বলে মস্কো জানিয়েছে। রাজধানী দামেস্কের বেসামরিক ব্যক্তিদের ওপর ভয়াবহ হামলা চালিয়ে আসছে এসব সন্ত্রাসী।
সিরিয়ায় রাশিয়ার শান্তি ও পুনর্গঠন কেন্দ্রের প্রধান মেজর জেনারেল ইউরি ইয়েভতুসেঙ্কো আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, "পূর্ব গৌতা থেকে যেসব সন্ত্রাসী চলে যেতে চাইবে তাদের জন্য যানবাহন এবং নিরাপদ করিডরের নিশ্চয়তা দিচ্ছে মস্কো।"
তিনি সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলেন, "অবরুদ্ধ গৌতা থেকে বেসামরিক ব্যক্তিদের চলে যাওয়ার বিষয়টি যদি মেনে না নেন তাহলে সেখান থেকে আপনারা এবং নিজেদের পরিবার যাতে নিরাপদে অন্যত্র চলে যেতে পারেন সেই নিশ্চয়তা আমরা আপনাদের দিচ্ছি। সেই লক্ষ্যে আপনাদের পর্যাপ্ত পরিমাণ যানবাহন দেয়ার পাশাপাশি পুরো পথ জুড়ে প্রয়োজনীয় নিরাপত্তা দেয়া হবে।"
পরিবারসহ পূর্ব গৌতা ছেড়ে যেতে ইচ্ছুক সন্ত্রাসীরা নিজেদের ব্যক্তিগত অস্ত্রও সঙ্গে বহন করতে পারবেন এবং এই জন্য তাদেরকে কোনো বিচারের সম্মুখীন করা হবে না বলেও নিশ্চয়তা দেন জেনারেল ইয়েভতুসেঙ্কো।#
পার্সটুডে/বাবুল আখতার/৬