কুর্দি গেরিলাদের মানবিজে যেতে দেবেন না: আমেরিকাকে তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i54089-কুর্দি_গেরিলাদের_মানবিজে_যেতে_দেবেন_না_আমেরিকাকে_তুরস্ক
সিরিয়ার কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি’র সদস্যদেরকে আফরিন থেকে মানবিজ শহরে না যেতে দেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। গত ২০ জানুয়ারি থেকে আফরিন শহরে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তুর্কি সেনারা।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৮, ২০১৮ ০৯:০৩ Asia/Dhaka
  • তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন
    তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন

সিরিয়ার কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি’র সদস্যদেরকে আফরিন থেকে মানবিজ শহরে না যেতে দেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। গত ২০ জানুয়ারি থেকে আফরিন শহরে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তুর্কি সেনারা।  

গতকাল (বুধবার) রাজধানী আংকারায় তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এক সংবাদ ব্রিফিংয়ে এ আহ্বান জানান। তিনি বলেন, তার দেশ আশা করে কুর্দি গেরিলাদেরকে আফরিন শহর থেকে মানবিজ শহরে সরে যাওয়ার সুযোগ দেবে না আমেরিকা। আফরিন থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে ইউফ্রেটিস নদীর কাছে মানবিজ শহরের অবস্থান।

ইব্রাহিম কালিন বলেন, “কুর্দি গেরিলারা যাতে মানবিজ শহরে যেতে না পারে সেজন্য তুর্কি কর্তৃপক্ষ  প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং এটা হচ্ছে তুরস্কের সাধারণ অধিকার। আমেরিকা কী করবে সেটা আলাদা প্রশ্ন।”

গতকালই তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানিয়েছেন, তার দেশের সেনাদের অভিযানের মাধ্যমে এ পর্যন্ত দু হাজার ৯৬০ জন কুর্দি গেরিলাকে নিষ্ক্রিয় করা হয়েছে। গেরিলাদের হত্যা কিংবা আত্মসমর্পণ বোঝাতে তুরস্ক সরকার সাধারণত ‘নিষ্ক্রিয়’ শব্দটি ব্যবহার করে থাকে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮