আরব আমিরাতের বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ করল কাতার
সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে কাতার। কাতারের পানি সীমা থেকে দেশটির একটি মাছ ধরার ট্রলার আটক ও এর আরোহীদের অপহরণের প্রতিবাদ জানিয়ে ওই চিঠি দেওয়া হয়েছে।
জাতিসংঘে নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি আলায়িয়া আহমাদ বিন সেইফ আলে সানি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে আলাদা চিঠি দিয়ে বলেছেন, গত ১৯ জানুয়ারি কাতারের পানি সীমার বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে সংযুক্ত আরব আমিরাত একটি মাছ ধরার ট্রলার নিয়ে গেছে। একইসঙ্গে তারা ট্রলারের ক্যাপ্টেনসহ নয়জনকে অপহরণ করেছে।
কাতার নিশ্চিত হয়েছে, অপহরণের সঙ্গে জড়িত নৌযানটি সংযুক্ত আরব আমিরাতের রণতরী থেকে পাঠানো হয়েছিল। কাতারের মাছ ধরার ট্রলার থেকে অপহৃতরা সবাই ভারতের নাগরিক।
এর আগেও কাতার দেশটির আকাশ সীমা লঙ্ঘনের দায়ে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে।
২০১৭ সালের ৫ জুন সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে আরব আমিরাত কাতারের ওপর অবরোধ আরোপ করেছে। এরপর থেকেই দুই দেশের মধ্যে নানা ইস্যুতে টানাপোড়েন বেড়ে গেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯