পরমাণু সমঝোতা নিয়ে মার্কিন সুরে গান গাইলেন সৌদি যুবরাজ
https://parstoday.ir/bn/news/west_asia-i54940-পরমাণু_সমঝোতা_নিয়ে_মার্কিন_সুরে_গান_গাইলেন_সৌদি_যুবরাজ
পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা জেসিপিওএ বাতিল করার আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। তিনি দাবি করেছেন, জেসিপিওএ ইরানকে পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি থেকে বিরত রাখতে পারবে না।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ২৮, ২০১৮ ০২:০৫ Asia/Dhaka
  • মোহাম্মাদ বিন সালমান
    মোহাম্মাদ বিন সালমান

পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা জেসিপিওএ বাতিল করার আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। তিনি দাবি করেছেন, জেসিপিওএ ইরানকে পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি থেকে বিরত রাখতে পারবে না।

এ বক্তব্যের মাধ্যমে এতদিন ইরানের পরমাণু সমঝোতা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে ভাষায় কথা বলে এসেছেন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করলেন সৌদি যুবরাজ।

আমেরিকা সফররত মোহাম্মাদ বিন সালমান মঙ্গলবার মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকমণ্ডলীর সঙ্গে আলাপকালে দাবি করেন, জেসিপিওএ’র মাধ্যমে ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রক্রিয়ার গতি কমিয়ে দেয়া যাবে কিন্তু পুরোপুরি বন্ধ করা যাবে না।

সৌদি যুবরাজ এমন সময় এ দাবি করলেন যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এখন পর্যন্ত ১০ বার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে বলেছে, ইরান পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা- জেসিপিওএ পুরোপুরি মেনে চলছে। এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলিও একাধিকবার একই ধরনের প্রতিবেদন তুলে ধরেছে।

ডোনাল্ড ট্রাম্প

নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের সঙ্গে সৌদি যুবরাজের বৈঠকে রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত হলেও সৌদি সূত্রগুলোই সেখানকার কথোপকথনের কিছু অংশ প্রকাশ করেছে।  মোহাম্মাদ বিন সালমান সেখানে আরো দাবি করেন, ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে তাহলে সৌদি আরব মধ্যপ্রাচ্যে যা খুশি তাই করবে; এমনকি প্রয়োজন পরমাণু অস্ত্র তৈরি করবে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সুর মিলিয়ে সৌদি যুবরাজ দাবি করেন, ইরানের বর্তমান সমঝোতা বাতিল করে এমন একটি সমঝোতা করতে হবে যেখানে ইরানের অন্যান্য কর্মসূচিকেও অন্তর্ভুক্ত করা যায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে জেসিপিওএ’র অন্তর্ভুক্ত করার পাশাপাশি দেশটির সামরিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দিতে হবে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮