সৌদি ন্যাশনাল গার্ড বাহিনীর ঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
-
ইয়েমেনের ক্ষেপণাস্ত্র
সৌদি আরবের ন্যাশনাল গার্ড বাহিনীর ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এ ঘাঁটিটি দেশটির দক্ষিণের নাজরানে অবস্থিত। ইয়েমেনের আরবি ভাষার আল-মাসিরা টিভি চ্যানেল আজ (শনিবার) জানিয়েছে, স্বল্প পাল্লার বাদর-১ ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালানো হয়েছে।
ইয়েমেনের বার্তা সংস্থা 'সাবা' লিখেছে, আজকের ক্ষেপণাস্ত্র হামলায় শত্রুদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌদি আরবের আল-আরাবিয়া টিভি চ্যানেল ক্ষেপণাস্ত্রটি আকাশে ধ্বংস করার দাবি করেছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি হামলার জবাবে মাঝে মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। গত ২৫ মার্চ তারা সৌদি আরবে সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সৌদি আরব সাতটি ক্ষেপণাস্ত্র হামলার খবরের সত্যতা স্বীকার করে বলেছে, সব ক্ষেপণাস্ত্রই আকাশে ধ্বংস করা হয়েছে। তবে আমেরিকার ফরেন পলিসি ম্যাগাজিন বলেছে, সৌদি আরবের ওই দাবি সত্য নয়।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব। সৌদি হামলায় এ পর্যন্ত ছয় লাখ মানুষ হতাহত হয়েছে বলে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩১