ইসরাইলি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে যাচ্ছে সৌদি আরব!
https://parstoday.ir/bn/news/west_asia-i56492-ইসরাইলি_ক্ষেপণাস্ত্র_ব্যবস্থা_কিনতে_যাচ্ছে_সৌদি_আরব!
ইহুদিবাদী ইসরাইলে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘আয়রন ডোম’ কেনার কথা সৌদি আরব বিবেচনা করছে বলে সুইজারল্যান্ডের একটি পত্রিকা খবর দিয়েছে। সৌদি সরকার যখন ফিলিস্তিন জবরদখলকারী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা জোরদার করেছে তখন এ খবর প্রকাশিত হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৯, ২০১৮ ০২:০৭ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘আয়রন ডোম’
    ইহুদিবাদী ইসরাইলে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘আয়রন ডোম’

ইহুদিবাদী ইসরাইলে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘আয়রন ডোম’ কেনার কথা সৌদি আরব বিবেচনা করছে বলে সুইজারল্যান্ডের একটি পত্রিকা খবর দিয়েছে। সৌদি সরকার যখন ফিলিস্তিন জবরদখলকারী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা জোরদার করেছে তখন এ খবর প্রকাশিত হলো।

সুইস পত্রিকা বাসলার যেইতুং (Basler Zeitung) জানিয়েছে, সৌদি বিশেষজ্ঞরা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত একটি সমরাস্ত্র প্রদর্শনীতে আয়রন ডোমের কার্যকারিতা পরীক্ষা করে দেখেছেন এবং অদূর ভবিষ্যতে রিয়াদ এটি কিনবে বলে প্রবল সম্ভাবনা রয়েছে।

সুইস দৈনিকের খবরে আরো বলা হয়েছে, সৌদি বিশেষজ্ঞরা আয়রন ডোম ছাড়া ইসরাইলে তৈরি আরো কিছু সমরাস্ত্র কেনারও চিন্তাভাবনা করছেন। এসব অস্ত্রের মধ্যে রয়েছে, ট্যাংকে স্থাপনযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা ‘ট্রফি অ্যাকটিভ প্রোটেকশন’। শত্রুপক্ষের নিক্ষিপ্ত রকেটসহ অন্যান্য প্রোজেক্টাইল শনাক্ত করে তা ধ্বংস করে দিতে এ ব্যবস্থা ট্যাংকে বসানো হয়।

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে দহরম মহরমের মূল হোতা সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান

এমন সময় সৌদি আরব ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চিন্তাভাবনা করছে যখন এ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞ মহলে যথেষ্ট সংশয় রয়েছে। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিট অব টেকনোলজি’র (এমআইটি) অধ্যাপক থিওডোর এ. পোস্টোল বলেছিলেন, শত্রুপক্ষের ছোঁড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দিক দিয়ে আয়রন ডোমের কার্যকারিতা শতকরা পাঁচ ভাগেরও কম।

সৌদি আরব বর্তমানে দারিদ্রপীড়িত প্রতিবেশী দেশ ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া এ আগ্রাসনে ইয়েমেনের অন্তত ১৪ হাজার নিরপরাধ মানুষ নিহত হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯