বিমানবন্দরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া
-
আকাশে বিধ্বস্ত করা হচ্ছে ক্ষেপণাস্ত্র (বার্তা সংস্থা সানায় প্রকাশিত ছবি)
সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরের কাছে একটি সামরিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
মার্কিন নেতৃত্বাধীন জোটের যুদ্ধবিমানগুলো সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশের কয়েকটি সামরিক অবস্থানে হামলা চালানোর একদিনেরও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হলো।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বৃহস্পতিবার রাতে জানিয়েছে, “আমাদের একটি সামরিক বিমানবন্দর লক্ষ্য করে শত্রুরা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। কিন্তু আমাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করেছে।”
এর কিছুক্ষণ আগে একই বার্তা সংস্থা খবর দিয়েছিল হোমস শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ‘দাবা’ বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার ওই সামরিক বিমানবন্দর লক্ষ্য করে ‘ছয়টি ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করা হয়। সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট পপুলার ডিফেন্স গ্রুপের সেনারা ওই ঘাঁটি ব্যবহার করছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইল থেকে নিক্ষিপ্ত হয়ে থাকতে পারে বলে অবজারভেটরি জানিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতের এ হামলায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে বার্তা সংস্থা সানা জানিয়েছিল, সিরিয়ার ‘হামেইমে’ ও ‘আলবু কামাল’ এলাকার মধ্যবর্তী কয়েকটি সেনা অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন জোটের জঙ্গিবিমান হামলা চালিয়েছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির খবর প্রকাশিত হয়নি।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫