সিরিয়ায় মার্কিন-ব্রিটিশ উপস্থিতি ‘আগ্রাসন’; প্রতি ইঞ্চি ভূমি উদ্ধার করা হবে
-
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশের ভেতরে আামেরিকা ও ব্রিটেনের সেনা উপস্থিতিকে তার সরকার পরিষ্কারভাবে আগ্রাসন হিসেবে গণ্য করে। তিনি বলেছেন, সিরিয়ার বিভিন্ন এলাকায় কথিত ‘হোয়াইট হেলমেট’ নামে যারা কাজ করছে তারা আল-কায়েদা ও জাবহাতুন-নুসরার শাখা এবং দামেস্কে মনে করে জনমতকে বিভ্রান্ত করার ক্ষেত্রে এটি ব্রিটেনের একটি চালবাজি।
ব্রিটেনের ডেইলি মেইলে আজ (রোববার) প্রকাশিত এক সাক্ষাৎকারে বাশার আসাদ এসব কথা বলেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, দুমা শহরে রাসায়নিক হামলার নাটক সাজিয়েছিল ব্রিটেন, ফ্রান্স এবং আমেরিকা। বাশার আসাদ জানিয়েছেন, সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসীদের বিষয়ে পশ্চিমা বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে দামেস্কের যোগাযোগ ছিল কিন্তু তারা আন্তরিক না হওয়ায় সম্প্রতি এ যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে।
প্রেসিডেন্ট বাশার আসাদ জোর দিয়ে আরো বলেছেন, সিরিয়ার মাটিতে আমেরিকা ও ব্রিটেনের সেনা উপস্থিতি অবৈধ এবং সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন। তিনি বলেন, উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়া হচ্ছে প্রধান পক্ষ এবং দেশের প্রতি ইঞ্চি ভূমি পুনরুদ্ধার করা হবে।
এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বাশার আসাদ বলেন, সিরিয়ায় কী হচ্ছে এবং কী হবে সেসব বিষয়ে একমাত্র সিরিয়ার সরকারই সিদ্ধান্ত নিয়ে থাকে এবং এ সম্পর্কে কারো মনে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০