ইয়েমেন যুদ্ধ: আবার নির্লজ্জভাবে সৌদি আরবের পক্ষ নিল আমেরিকা
-
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়
ইয়েমেন সেনাবাহিনীর পক্ষ থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয় দাবি করেছে, ইরানের সহযোগিতায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের সেনাবাহিনী।
ইয়েমেনের সেনাবাহিনী রোববার রাতে রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা কেন্দ্র এবং সৌদি রাজার কয়েকটি বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইয়েমেনের ওপর গত প্রায় সাড়ে তিন বছরের সৌদি আগ্রাসনের জবাবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির খবর প্রকাশ করেনি সৌদি আরব।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এমন সময় ইয়েমেনের পক্ষ থেকে প্রতিশোধমুলক হামলার নিন্দা জানাল যখন ইয়েমেনের ওপর গত তিন বছরের সৌদি আগ্রাসনের বিরুদ্ধে কোনো কথা বলেনি।
সংযুক্ত আরব আমিরাত, আমেরিকা ও ইসরাইলের পৃষ্ঠপোষকতা নিয়ে সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের নিরপরাধ মানুষের বিরুদ্ধে ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে। এ আগ্রাসনে ১৪ হাজারেরও বেশি মানুষ নিহত হওয়ার পাশাপাশি কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। একইসঙ্গে জল, স্থল ও আকাশপথে দারিদ্র পীড়িত ইয়েমেনকে পুরোপুরি অবরোধ করে রেখেছে সৌদি আরব।
সৌদি আরবের পৃষ্ঠপোষক দেশগুলো দাবি করে এসেছে, ইরান ইয়েমেনকে সমরাস্ত্র ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহযোগিতা করছে এবং এর ফলে ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা বিঘ্নিত হচ্ছে। কিন্তু ইয়েমেনের কর্মকর্তারা এ অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, তাদের সমরাস্ত্র সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এবং সৌদি অবরোধ সত্ত্বেও এ সক্ষমতা দিন দিন বাড়ছে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬