ইসরাইল সফরে গিয়ে ইরান বিরোধী বাগাড়ম্বর করলেন বোল্টন
-
জন বোল্টন
মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইহুদিবাদী ইসরাইল সফরে গিয়ে ইরান বিরোধী বাগাড়ম্বর অব্যাহত রেখেছেন। তিনি রোববার রাতে অধিকৃত বায়তুল মুকাদ্দাস শহরে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি ইসরাইল, মধ্যপ্রাচ্য ও গোটা বিশ্বের জন্য হুমকি।
সাক্ষাতে বোল্টনকে ‘নজিরবিহীন বন্ধু’ হিসেবে অভিহিত করেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাসে স্থানান্তরকে ‘ঐতিহাসিক’ ঘটনা বলে বর্ণনা করেন নেতানিয়াহু।
ট্রাম্প ২০১৭ সালের ৬ ডিসেম্বর ফিলিস্তিনি শহর বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস অধিকৃত শহরটিতে স্থানান্তরের ঘোষণা দেন। গত ১৪ মে সেই ঘোষণা বাস্তবায়ন করা হয়।
এদিকে গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং চলতি মাসের গোড়ার দিকে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।
বোল্টনের সঙ্গে সাক্ষাতে নেতানিয়াহু হাস্যকর বক্তব্য দিয়ে দাবি করেন, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে লক্ষ্যে ওয়াশিংটন ও তেল আবিব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সাক্ষাতে ইসরাইল সফর করতে পেরে সন্তোষ প্রকাশ করেন জন বোল্টন। তিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গত দেড় বছরের শাসনামলকে ‘অভূতপূর্ব’ আখ্যায়িত করে দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচি ইসরাইল, মধ্যপ্রাচ্য ও গোটা বিশ্বের জন্য হুমকি।
নেতানিয়হু ও বোল্টন এমন সময় ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে কথা বললেন যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা অন্তত ১০টি প্রতিবেদনে বলেছে, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০