সৌদি যুবরাজকে কি আর্জেন্টিনা গ্রেপ্তার করবে?
https://parstoday.ir/bn/news/west_asia-i66156-সৌদি_যুবরাজকে_কি_আর্জেন্টিনা_গ্রেপ্তার_করবে
সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে গ্রেপ্তার করতে আর্জেন্টিনা সরকারের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। জি২০ সম্মেলনে অংশ নিতে সৌদি যুবরাজ চলতি সপ্তাহে আর্জেন্টিনা সফর করবেন বলে কথা রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৭, ২০১৮ ১৪:১৬ Asia/Dhaka
  • সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান
    সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে গ্রেপ্তার করতে আর্জেন্টিনা সরকারের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। জি২০ সম্মেলনে অংশ নিতে সৌদি যুবরাজ চলতি সপ্তাহে আর্জেন্টিনা সফর করবেন বলে কথা রয়েছে।

এইচআরডাব্লিউ বলেছে, আর্জেন্টিনার সংবিধান অনুযায়ী দেশটির সরকার এ পদক্ষেপ গ্রহণ করতে পারে। সংস্থাটি বলছে, যুবরাজ বিন সালমান ইয়েমেনে যুদ্ধাপরাধ করেছে এবং তিনি সাংবাদিক জামাল খাশোগি হত্যার সঙ্গে জড়িত।

এইচআরডাব্লিউ এ সংক্রান্ত একটি আবেদন আর্জেন্টিনার ফেডারেল প্রসিকিউটরের কাছে জমা দিয়েছে। ওই আবেদনের সঙ্গে তারা ইয়েমেনে সৌদি যুদ্ধাপরাধ ও খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজের জড়িত থাকা সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছে।

আর্জেন্টিনার সংবিধানে আন্তর্জাতিকভাবে যুদ্ধাপরাধ ও নির্যাতনের বিচারের ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ কারণে বিশ্বের যেখানেই এ সংক্রান্ত অপরাধ ঘটুক না কেন এবং যে ব্যক্তিই তা ঘটিয়ে থাকুক না কেন সেই অপরাধের তদন্ত ও বিচারের এখতিয়ার দেশটির বিচার বিভাগের রয়েছে।

আর্জেন্টিনার বিচার বিভাগ এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করে নি, তবে দেশটির গণমাধ্যম বলছে, মানবাধিকার সংস্থার এ আবেদন বাস্তবায়নের সম্ভাবনা খুব কম।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭