ইরান-বিরোধী নিষেধাজ্ঞা থেকে ছাড় চায় ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i66529-ইরান_বিরোধী_নিষেধাজ্ঞা_থেকে_ছাড়_চায়_ইরাক
ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি বলেছেন, তার সরকার ইসলামি প্রজাতন্ত্র ইরান-বিরোধী নিষেধাজ্ঞা থেকে ছাড় পাওয়ার জন্য আমেরিকায় একটি প্রতিনিধিদল পাঠাবে। এই প্রতিনিধিদল মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় পাওয়ার রাস্তা বের করবে যার ফলে প্রতিবেশী ইরানের কাছ থেকে গ্যাস আমদানি অব্যাহত রাখতে পারবে বাগদাদ।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
ডিসেম্বর ১২, ২০১৮ ১৮:২৭ Asia/Dhaka
  • ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি
    ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি

ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি বলেছেন, তার সরকার ইসলামি প্রজাতন্ত্র ইরান-বিরোধী নিষেধাজ্ঞা থেকে ছাড় পাওয়ার জন্য আমেরিকায় একটি প্রতিনিধিদল পাঠাবে। এই প্রতিনিধিদল মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় পাওয়ার রাস্তা বের করবে যার ফলে প্রতিবেশী ইরানের কাছ থেকে গ্যাস আমদানি অব্যাহত রাখতে পারবে বাগদাদ।

গতকাল (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আবদুল মাহদি বলেন, নিষেধাজ্ঞা থেকে ছাড় পাওয়ার বিষয়ে আমেরিকা সহযোগিতা করছে; এর ফলে ইরাকের ওপর থেকে চাপ কমে যাবে। তিনি জানান, ইরান থেকে আমদানি করা গ্যাস ইরাকের খুবই স্পর্শকাতর বিদ্যুত খাতে ব্যবহার করা হয়।”

ইরান থেকে এ পাইপলাইনের মাধ্যমে ইরাকে গ্যাস রপ্তানি করা হয়

গতকাল মার্কিন জ্বালানিমন্ত্রী রিক পেরি ইরাকের তেলমন্ত্রী সামির কাজবান ও বিদ্যুতমন্ত্রী কাসিম মুহাম্মাদ আবিদ হামাদির সঙ্গে বৈঠক করেন। সেই একই দিনে ইরাকি প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় পাওয়ার প্রচেষ্টা নিয়ে কথা বললেন।

গত ৬ ডিসেম্বর ইরাকের রাষ্ট্রীয় সাউথ গ্যাস কোম্পানির প্রধান হাইয়ান আবদুল গণি বলেছিলেন, ইরান থেকে গ্যাস আমদানি বন্ধ করতে হলে অন্তত দুই বছর সময় প্রয়োজন। দেশের বর্তমান উৎপাদন চাহিদা মেটাতে সক্ষম নয় বলেও তিনি জানিয়েছিলেন। ইরান থেকে প্রতিদিন সাড়ে  তিন কোটি ঘনমিটার গ্যাস রপ্তানি করা হচ্ছে ইরাকে।#

পার্সটুডে/এসআইবি/১২