ইন্দোনেশিয়ায় আবার সুনামির আঘাত, নিহত অন্তত ১৬৮
https://parstoday.ir/bn/news/west_asia-i66777-ইন্দোনেশিয়ায়_আবার_সুনামির_আঘাত_নিহত_অন্তত_১৬৮
ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী সুন্দা প্রণালীর উপকূলে ভয়াবহ সুনামির আঘাতে অন্তত ১৬৮ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৭৪৫ জন। ইন্দোনেশিয়ার সরকারি তথ্যের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৩, ২০১৮ ০৮:২০ Asia/Dhaka
  • ইন্দোনেশিয়ায় সুনামি
    ইন্দোনেশিয়ায় সুনামি

ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী সুন্দা প্রণালীর উপকূলে ভয়াবহ সুনামির আঘাতে অন্তত ১৬৮ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৭৪৫ জন। ইন্দোনেশিয়ার সরকারি তথ্যের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ খবর দিয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগ্রহো জানিয়েছেন, সুনামিতে দুজন নিখোঁজ রয়েছেন। এছাড়া, সুনামির আঘাতে শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সমুদ্রের নিচে ভূমিধসের কারণে সুনামি ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। প্রাণহানির ঘটনা ঘটেছে প্যানদেগ্ল্যাং, দক্ষিণ লাম্পাং ও সেরাং এলাকায়।

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। পূর্ণিমার কারণে সাগর আরও ফুঁসে উঠতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। সুতোপো তার টুইটার অ্যাকাউন্টে দেয়া পোস্টে জানিয়েছেন, সুনামিতে ৪৩০টি বাড়ি এবং নয়টি হোটেল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বানতেন প্রদেশের প্যানদেগ্ল্যাং এলাকা। সেখানে নিহত হয়েছে অন্তত ৩৩ জন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্প ও সুনামির আঘাতে দুই হাজারের বেশি মানুষ মারা যান।#

পার্সটুডে/এসআইবি/২৩