সিরিয়ার পূর্বাঞ্চল অবশ্যই সরকারি নিয়ন্ত্রণে আসতে হবে: রাশিয়া
-
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা (ফাইল ফটো)
সিরিয়ার যেসব অঞ্চল থেকে মার্কিন সেনা ফিরিয়ে নেয়ার হবে তা অবশ্যই দামেস্ক সরকারের নিয়ন্ত্রণে আনতে হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (বুধবার) একথা বলেছেন।
তিনি জানান, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে মস্কোর কাছে কোনো সময়সূচি নেই এবং এ বিষয়ে ওয়াশিংটন ও দামেস্কের মধ্যে কোনো যোগাযোগও হয় নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার গুরুত্ব বোঝে রাশিয়া এবং কীভাবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয় তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, মার্কিন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে একটা পূর্ণাঙ্গ সমাধান আসবে।
মারিয়া জাখারোভা বলেন, “ট্রাম্পের ঘোষণার পর প্রশ্ন উঠেছে মার্কিন সেনা প্রত্যাহারের পর ওই এলাকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। এর জবাব হচ্ছে- আন্তর্জাতিকি আইন অনুযায়ী অবশ্যই সিরিয়ার সরকারের হাতে থাকবে। এখানে বিবেচনা করতে হবে- সিরিয়া ও তার জনগণ বিষয়টিকে কীভাবে দেখছেন? তারা নিশ্চয় সরকারের নিয়ন্ত্রণ দেখতে চান।” জাখারোভা আরো বলেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে অবশ্যই তার একটা ইতিবাচক প্রভাব পড়বে।
গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। বিশ্লেষকরা বলছেন, মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা সিরিয়ার সরকার ও মিত্রদের জন্য বিজয়।#
পার্সটুডে/এসআইবি/২৭