ট্রাম্পের গোপন সফরের বিষয়ে মুখ খুললেন ইরাকি প্রধানমন্ত্রী
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে গোপনে বাগদাদের কাছে একটি সামরিক ঘাঁটি পরিদর্শনে যাওয়ার ব্যাখ্যা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি।
তিনি গতকাল (রোববার) জোর দিয়ে বলেন, ট্রাম্পের ইরাক সফরের বিষয়ে বাগদাদকে আগেবাগে কিছুই জানানো হয় নি এবং গত বুধবার আল আসাদ বিমান ঘাঁটি নামে যে ঘাঁটি ট্রাম্প পরিদর্শন করেন তা শতভাগ একটি ইরাকি ঘাঁটি। সামরিক ঘাঁটিতে ট্রাম্পের দুই ঘন্টার সফরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরাকের আইনপ্রণেতারা। ট্রাম্পের এ ধরনের অঘোষিত সফরের বিরুদ্ধে শক্ত জবাব দিতে ইরাকের ভূখণ্ড থেকে মার্কিন সেনাদের বহিষ্কারের জোর দাবি জানিয়েছেন তারা।
ট্রাম্পের সফরের দিন সকালে বাগদাদ সরকারকে এ বিষয়ে জানানো হয়েছিল এবং দেশটির কর্মকর্তারা একে স্বাগত জানিয়েছেন বলে মার্কিনীরা যে দাবি করছে তা নাকচ করে দেন আব্দুল মাহদি।
তিনি আরো বলেন, "আমরা ট্রাম্পের সফরের বিষয়ে দুটি শর্ত দিয়েছিলাম- এর একটি হচ্ছে বিদেশি কর্মকর্তারা যেভাবে আনুষ্ঠানিক অভ্যর্থনা গ্রহণের মাধ্যমে আমাদের দেশ সফর করেন তাকে সেভাবেই আসতে হবে। এরপর সফরে অবশ্যই বৈঠক অন্তর্ভুক্ত করতে হবে এবং এসব বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে তার একটি সংক্ষিপ্ত বিবরণী থাকতে হবে। কিন্তু মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হলো যে ট্রাম্প ওই ঘাঁটি ছাড়া অন্য কোথাও যাবেন না।#
পার্সটুডে/বাবুল আখতার/৩১
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন