সমস্ত বৈধ উপায়ে লড়াই অব্যাহত রাখবে সিরিয়া: আসাদ
-
বাশার আসাদ ও ভ্লাদিমির পুতিন (ফাইল ফটো)
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার দেশের উপর যেকোনো অজুহাতে আগ্রাসনের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, সমস্ত বৈধ উপায়ে তার দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গতকাল (মঙ্গলবার) শেষ বেলায় এক টেলিফোন সংলাপে প্রেসিডেন্ট আসাদ এসব কথা বলেন। সিরিয়া সীমান্তে একটি নিরাপদ অঞ্চল গঠনের ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য তিনি প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানান। এই নিরাপদ অঞ্চলে সিরিয়া এবং রাশিয়ার সেনারা যৌথভাবে টহল দেবে। গতকাল রাশিয়ার কৃষ্ণ সাগরের উপকূলবর্তী সোচি শহরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রজব তাইয়্যেব এরদোগানের মধ্যে দীর্ঘ আলোচনার পর এ সমঝোতা হয়।
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তের কাছে গঠিত নিরাপদ অঞ্চলে রাশিয়ার সামরিক পুলিশের সঙ্গে সিরিয়ার সীমান্তরক্ষী বাহিনীর টহল দেয়ার বিষয়েও প্রেসিডেন্ট আসাদ তার পক্ষ থেকে পূর্ণ সমর্থন ঘোষণা করেন।
টেলিফোন সংলাপে রুশ প্রেসিডেন্ট গতকালের বৈঠকের বিষয়টি বাশার আল-আসাদকে জানান। এ সময় পুতিন বলেন, এরদোগানের সঙ্গে যে সমঝোতা হয়েছে তার মূল লক্ষ্য হচ্ছে সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা। প্রেসিডেন্ট পুতিন আরো বলেন, তুরস্কের সঙ্গে যে সমঝোতা হয়েছে তার আরেকটি লক্ষ্য হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা এবং সিরিয়াকে বিচ্ছিন্ন করার যেকোনে এজেণ্ডা রুখে দেয়া।#
পার্সটুডে/এসআইবি/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।