সিরিয়াকে খণ্ড-বিখণ্ড করার ষড়যন্ত্র সফল হবে না: প্রেসিডেন্ট আসাদ
-
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার সরকার কখনোই সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রশ্নে আপোষ করবে না। তিনি আরো বলেছেন, সিরিয়াকে খণ্ড-বিখণ্ড করার যে ষড়যন্ত্র চলছে তা দামেস্ক কখনো বাস্তবায়িত হতে দেবে না। রাশিয়ার নিউজ চ্যানেল রাশা২৪কে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রত্যয় ব্যক্ত করেন প্রেসিডেন্ট আসাদ।
তিনি বলেন, আমেরিকাই উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) সৃষ্টি করেছে এবং আমেরিকার পৃষ্ঠপোষকতা নিয়েই এই সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ছে। ওয়াশিংটনের সার্বিক সহযোগিতায় দায়েশ জঙ্গিরা সিরিয়ার সেনাবহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে বলে তিনি উল্লেখ করেন।
সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, বিন লাদেন ও আবু বকর বাগদাদির মতো জঙ্গি নেতাদের প্রয়োজন ফুরিয়ে গেলে আমেরিকা নিজেই তাদেরকে হত্যা করে। এসব সন্ত্রাসী নেতা বেঁচে থাকলে আমেরিকার অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যেত বলে তিনি উল্লেখ করেন।
সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সাম্প্রতিক সামরিক অভিযানের পর ওই অঞ্চলে তৎপর কুর্দি গেরিলাদের সঙ্গে দামেস্কের সম্পর্ক ভালো হয়েছে বলে জানান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তবে কুর্দি নেতাদের সঙ্গে সিরিয়া সরকারের আলোচনায় আমেরিকা বাধা সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। প্রেসিডেন্ট আসাদ বলেন, কুর্দিদেরকে আবারো সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিতে চায় ওয়াশিংটন। কিন্তু সিরিয়ার মানুষ আট বছরের যুদ্ধের পর এখন একথা উপলব্ধি করেছেন যে, সরকারের সঙ্গে আপোষ ও সহযোগিতা করার কোনো বিকল্প নেই।#
পার্সটুডে/এমএমআই/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।