দুঃখের দিনের বন্ধু দেশগুলোকে ভুলে যাবে না কাতার: আলে সানি
-
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুররহমান আলে সানি বলেছেন, পারস্য উপসাগরীয় আরব দেশগুলো তার দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে আলোচনায় বসার যে প্রস্তাব দিয়েছে তা বিবেচনা করছে দোহা। কিন্তু সেইসঙ্গে এসব দেশের আরোপিত নিষেধাজ্ঞার কঠিন দিনগুলোতে যারা কাতারের পাশে দাঁড়িয়েছিল তাদের অবদান কখনো ভুলবে না তার দেশ।
মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে আলে সানি বলেন, সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য আলোচনার প্রাথমিক প্রতিবন্ধকতা দূর হয়েছে। তবে রিয়াদের সঙ্গে বিদ্যমান মতবিরোধ নিরসনে কতোদিন সময় লাগতে পারে এমন প্রশ্নের উত্তরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং দু’দেশের মধ্যে যে গভীর অবিশ্বাস সৃষ্টি হয়েছে তা দূর করত সময় লাগবে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতার ২০১৭ সালের জুন মাসে কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার অভিযোগ তুলে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। একইসঙ্গে কাতারের ওপর কঠোর অবরোধও আরব করে ওই চার আরব দেশ। কাতার সরকার দেশটির বিরুদ্ধে আনীত ওই অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, আন্তর্জাতিক অঙ্গনে দোহার অবস্থানকে দুর্বল করে ফেলার লক্ষ্যে এ অভিযোগ আনা হয়েছে।
সৌদি আরবের নেতৃত্বাধীন চার দেশ জল, স্থল ও আকাশপথে কাতারকে অবরুদ্ধ করে ফেলার পর ব্যাপকভঅবে আমদানি-নির্ভর দেশটিতে অল্প কয়েক দিনের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মারাত্মক ঘাটতি দেখা দেয়। বিশেষ করে চেইন স্টোরগুলো খাবার শূন্য হয়ে পড়ে। ওই কঠিন পরিস্থিতিতে ইরান ও তুরস্ক তাৎক্ষণিকভাবে ব্যাপক মাত্রায় খাদ্যদ্রব্য ও ওষুধসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করে কাতারকে ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা করে।#
পার্সটুডে/এমএমআই/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।