ইয়েমেনে সৌদি ও আমিরাতপন্থী গেরিলাদের মধ্যে সংঘর্ষ
-
আমিরাতপন্থি গেরিলাদের টহল
ইয়েমেনের কৌশলগত সকোত্রা দ্বীপে সংযুক্ত আরব আমিরাত ও সৌদিপন্থি গেরিলাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এক সময় এই দুই গেরিলা গোষ্ঠী মিত্র থাকলেও এখন তাদের মধ্যে মারাত্মক রকমের বিভাজন তৈরি হয়েছে বলে সংঘর্ষের মধ্যদিয়ে পরিষ্কার হলো।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সকোত্রা প্রদেশের রাজধানী হাদিবোর নিয়ন্ত্রণ নিয়ে সৌদি আরব ও আমিরাতপন্থী গেরিলাদের মধ্যে এই সংঘর্ষ হয়। সৌদিপন্থী গেরিলা গোষ্ঠী সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত এবং আমিরাতপন্থি গেরিলারা কথিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের প্রতি অনুগত।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতপন্থি গেরিলারা হাদিবোর আবাসিক এলাকায় গোলাবর্ষণ করেছে। সাবেক প্রধানমন্ত্রী আহমেদ ওবাইদ বিন দাগার টুইটার বার্তায় জানিয়েছেন, আমিরাতপন্থি গেরিলারা প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে নিয়ার চেষ্টা করছে এবং এজন্য তারা সব ধরনের ভারী অস্ত্র ব্যবহার করেছে।
ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে অস্ত্রবোঝাই একটি জাহাজ সকোত্রা উপকূলে ভিড়ার পরপরই সংঘর্ষ শুরু হয়।#
পার্সটুডে/এসআইবি/২