ইরাক কখনো আগ্রাসনের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হবে না: নতুন প্রধানমন্ত্রী
-
ভাষণ দিচ্ছেন মুস্তাফা আল-কাজেমি
ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি বলেছেন, তার দেশ কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসনের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হবে না
গতকাল (বুধবার) নতুন প্রধানমন্ত্রী হিসেবে চূড়ান্তভাবে আস্থাভোটে বিজয়ী হওয়ার পর জাতীয় সংসদে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগ্রাসন চালানোর জন্য বাইরের শক্তিকে কখনোই ইরাকের মাটি ব্যবহার করতে দেয়া হবে না।
কাজেমীর মনোনয়নের ফলে ইরাকের কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থার নিরসন হলো। জাতীয় সংসদে দেয়া ভাষণে তিনি ইরাকে আগাম ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আস্থা ভোটে বিজয়ী হওয়ার আগে তিনি আরো বলেন, জাতীয় সংবিধান অনুযায়ী দেশের সার্বভৌমত্ব রক্ষা করা হবে।
ইরাকে তৎপর সমস্ত সশস্ত্র গ্রুপকে সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে প্রধানমন্ত্রীর অধীনে আনার ওপর গুরুত্বারোপ করেন মোস্তফা আল-কাজেমি। তিনি বলেন, অভ্যন্তরীণ এবং বিদেশি শক্তিগুলোর যুদ্ধক্ষেত্র হিসেবে ইরাক ব্যবহৃত হতে পারে না।
ইরাকে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে নতুন প্রধানমন্ত্রী বলেন, এই লক্ষ্য অর্জনের জন্য তিনি সমস্ত রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন। তার সরকারকে সঙ্কটের সরকার নয় বরং সমাধানের সরকার হিসেবে তিনি অবহিত করেন।#
পার্সটুডে/এসআইবি/৭