ইরাকে রাষ্ট্রদূত ফেরত পাঠাচ্ছে সৌদি আরব: সম্পর্কে উন্নতির আশাবাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i80149-ইরাকে_রাষ্ট্রদূত_ফেরত_পাঠাচ্ছে_সৌদি_আরব_সম্পর্কে_উন্নতির_আশাবাদ
সৌদি আরব ইরাকে নিযুক্ত নিজের রাষ্ট্রদূতকে আবার বাগদাদে ফেরত পাঠাবে বলে ঘোষণা করেছে। ইরাকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) পরাজিত হওয়ার পর ইরাকের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার অংশ হিসেবে এ পদক্ষেপ নিতে যাচ্ছে রিয়াদ।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
মে ২৪, ২০২০ ১৭:২১ Asia/Dhaka
  • রিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের (ডানে) সঙ্গে ইরাকি উপ প্রধানমন্ত্রী আলী আলাভির সাক্ষাৎ
    রিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের (ডানে) সঙ্গে ইরাকি উপ প্রধানমন্ত্রী আলী আলাভির সাক্ষাৎ

সৌদি আরব ইরাকে নিযুক্ত নিজের রাষ্ট্রদূতকে আবার বাগদাদে ফেরত পাঠাবে বলে ঘোষণা করেছে। ইরাকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) পরাজিত হওয়ার পর ইরাকের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার অংশ হিসেবে এ পদক্ষেপ নিতে যাচ্ছে রিয়াদ।

রিয়াদ সফররত ইরাকের উপ প্রধানমন্ত্রী আলী আলাভি’র সঙ্গে এক বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এ ঘোষণা দিয়েছেন বলে ‘সৌদি গেজেট’ পত্রিকা জানিয়েছে।  প্রিন্স ফয়সাল বলেন, ইরাকের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে চায় রিয়াদ এবং এ  লক্ষ্যেই সৌদি রাষ্ট্রদূতকে বাগদাদে ফেরত পাঠানো হচ্ছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরাক সরকার দেশটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার যে চেষ্টা চালাচ্ছে তার প্রতি রিয়াদের পূর্ণ সমর্থন রয়েছে। সৌদি আরব বিদেশি হস্তক্ষেপ ছাড়া ইরাকের সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকুক তা দেখতে চায়।

 সামির আস-সাবহান

রিয়াদ সফররত ইরাকি উপ প্রধানমন্ত্রী সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী মাজেদ আল-কাসাবি এবং অর্থমন্ত্রী মোহাম্মাদ আল-জাদানের সঙ্গেও সাক্ষাৎ করেন। এসব সাক্ষাতে দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়।

সৌদি আরব বহু বছরের বিরতির পর ২০১৫ সালের ডিসেম্বরে ইরাকে নিজের দূতাবাস কার্যক্রম শুরু করে এবং  সামির আস-সাবহানকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। কিন্তু পরবর্তীতে ইরাকের কোনো কোনো রাজনৈতিক নেতা সম্পর্কে সাবহান অবমাননামূলক বক্তব্য দেয়ার পর দু’দেশের সম্পর্কে টানাপড়েন তৈরি হয় এবং রিয়াদ তার রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।