ইরাক থেকে দ্রুত মার্কিন সেনাদের তাড়ান: সরকারের প্রতি সাংসদদের আহ্বান
-
মার্কিন সেনা
ইরাকের কয়েক জন সংসদ সদস্য বলেছেন, যত দ্রুত সম্ভব মার্কিন সেনাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো দরকার। কারণ মার্কিন সেনা উপস্থিতি দেশের জন্য মঙ্গলজনক নয় এবং বিদেশি সেনারা নতুন নতুন সমস্যা তৈরি করছে।
‘বাদ্র’ জোটের সংসদ সদস্য আব্বাস হামিদ আজ (বুধবার) সংসদে বলেছেন, ‘মার্কিন বাহিনী আমাদের দেশের সব সামরিক তথ্য নিয়ন্ত্রণ করছে। যেসব তথ্য আদান-প্রদান হচ্ছে সবই তাদের হাতে চলে যাচ্ছে। এর মাধ্যমে তারা ইরাকে দীর্ঘ মেয়াদে আধিপত্য বজায় রাখতে চায়।’
এ ধরণের হস্তক্ষেপ মোকাবেলায় ইরাক সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
‘আল-ফাতাহ’ জোটের সংসদ সদস্য আদি আলশালান সংসদে বলেছেন, আমেরিকা এখনও তার ধ্বংসাত্মক নীতি অনুসরণ করছে। ইরাকের বিষয়ে তাদের নীতি ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে।
ইরাকে আবারও দায়েশ বা আইএস-কে পুনরুজ্জীবিত করা আমেরিকার লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।
এছাড়া আরও কয়েক জন সাংসদ মার্কিন সেনাদেরকে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন।
২০০৩ সাল থেকে ইরাকে দখলদার মার্কিন সেনারা মোতায়েন রয়েছেন। সেদেশে তাদের সবচেয়ে বড় ঘাঁটিটি আল আনবার প্রদেশে অবস্থিত। এর নাম হচ্ছে ‘আইনুল আসাদ’ ঘাঁটি।
গত বছর জেনারেল কাসেম সোলইমানিকে হত্যার পর এই ঘাঁটিতেই ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইসলামী প্রজাতন্ত্র ইরান।#
পার্সটুডে/এসএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।