লুকাশেঙ্কোকে জানিয়েছেন পুতিন
‘ইউক্রেন ইস্যুতে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে’
-
পুতিন ও লুকাশেঙ্কোর বৈঠক (ফাইল ফটো)
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন এবং তার দেশের মধ্যকার আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। ইউক্রেনে যখন রাশিয়ার সামরিক অভিযান তৃতীয় সপ্তাহের পড়েছে তখন এ তথ্য জানালেন পুতিন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পাশাপাশি কিয়েভের কর্মকর্তাদের সঙ্গে সংকট নিরসনের উপায় নিয়েও আলোচনা করছে মস্কো।
গতকাল (শুক্রবার) বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এ তথ্য জানান পুতিন। তিনি বলেন, “আমাদের আলোচকরা কিছু ইতিবাচক পরিবর্তনের কথা জানিয়েছেন আমাকে।" ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে এখন রুশ কর্মকর্তাদের প্রায় নিয়মিত আলোচনা হচ্ছে বলেও তিনি জানান। পুতিন বলেন, তিনি নিজেই লুকাশেঙ্কোকে আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করবেন।
তুরস্কের আন্তালিয়া শহরে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে মুখোমুখি বৈঠকের একদিন পর পুতিন এই মন্তব্য করলেন। আন্তালিয়া শহরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে এমন গুরুত্বপূর্ণ বৈঠক হলেও তা কোনো ফলাফল শেষ হয়।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে দু দেশের তুলনামূলক জুনিয়র কর্মকর্তারা কয়েক দফা বৈঠক করেছেন। এসব বৈঠক যুদ্ধ বন্ধে সরাসরি ভূমিকা না রাখলেও ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য যুদ্ধবিরতি এবং মানবিক করিডোর প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে।
রাশিয়া বলছে, তারা যে চার দফা শর্ত দিয়েছে ইউক্রেন তা মেনে নিলেই মস্কো যুদ্ধ বন্ধ করবে। রাশিয়ার সামরিক অভিযানের ফলে এ পর্যন্ত ইউক্রেন থেকে ২০ লাখের বেশি মানুষ শরণার্থী হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১২