ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করার পশ্চিমা প্রচেষ্টা: রাশিয়ার সমালোচনা
https://parstoday.ir/bn/news/world-i106906-ইউক্রেন_যুদ্ধ_দীর্ঘায়িত_করার_পশ্চিমা_প্রচেষ্টা_রাশিয়ার_সমালোচনা
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো ইউক্রেনে রুশ সামরিক অভিযান দীর্ঘায়িত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২০, ২০২২ ১৩:৩৮ Asia/Dhaka

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো ইউক্রেনে রুশ সামরিক অভিযান দীর্ঘায়িত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গতকাল (মঙ্গলবার) তিনি তার বক্তব্যে আরও বলেন পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্রের চালান পাঠিয়ে বোঝানোর চেষ্টা করছে ইউক্রেন যেন তাদের শেষ সামরিক শক্তি পর্যন্ত যুদ্ধ চালিয়ে যায়। রুশ এই উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা পশ্চিমাদের এহেন দুরভিসন্ধিমূলক পদক্ষেপের সমালোচনা করেন। তিনি বলেন মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্যের দেশগুলো প্রকাশ্যেই বিচিত্র অস্ত্রের বিশাল চালান পাঠানোর বিষয়টি সেই অর্থই বহন করে। তারা ড্রোনসহ, যুদ্ধবিমান, হেলিকপ্টার গানশিপ, ট্যাংক ইত্যাদি বিভিন্ন ধরনের অত্যাধুনিক যুদ্ধাস্ত্র পাঠাচ্ছে ইউক্রেনে। দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এ সম্পর্কে লিখেছে মার্কিন অ্যারোস্পেস কোম্পানি লকহিড মার্টিন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ইউক্রেনের জন্য অস্ত্র উৎপাদন বাড়ানোর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এছাড়াও মঙ্গলবার আমেরিকার শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মিলি তাদের ১৩ টি মিত্র দেশের সামরিক কর্মকর্তাদের সাথে একটি ভার্চুয়াল বৈঠক করেন। ওই বৈঠকে তিনি ইউক্রেনকে জরুরি ভিত্তিতে সামরিক সহায়তা দেওয়ার আহ্বান জানান। ওই বৈঠকের মুখপাত্র ডেভিড বাটলার জানান, বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক কর্মকর্তারা কিয়েভকে বহুপাক্ষিক নিরাপত্তা সহায়তা প্রদানসহ ইউক্রেনের সার্বভৌমত্ব পুনরুদ্ধারে যৌথভাবে এগিয়ে আসার আশ্বাস দেন। পশ্চিমা দেশগুলোর নেতৃবৃন্দও গতকাল এক ভার্চুয়াল বেঠকে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর ব্যাপারে সম্মত হয়। বিশেষ করে মস্কোকে আরও বেশি কোনঠাসা করার লক্ষ্যে তাদের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কঠোরতর করার ওপর জোর দেয় তারা।

এটা স্পষ্ট যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের অন্যান্য ইউরোপীয় এবং অ-ইউরোপীয় অংশীদার যেমন কানাডা, অস্ট্রেলিয়া এমনকি জাপানও ইউক্রেন যুদ্ধকে রাশিয়া কিংবা সেদেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘদিনের বোঝাপড়ার একটি অনন্য সুযোগ বলে মনে করে। দুই দশক ধরে  রাশিয়া বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকাসহ ন্যাটোর আধিপত্যবাদী পদক্ষেপের মোকাবেলা করে আসছে।

পশ্চিমা নেতাদের দৃষ্টিতে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিজয়ের মানে হলো ন্যাটোকে অসম্মান করা। সেইসঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার প্রভাব ও ক্ষমতা বিস্তৃতি লাভ করা। যার ফলে ইউরোপে নিরাপত্তা, সামরিক ও রাজনৈতিক ভারসাম্য ও সমীকরণ পাল্টে যাবে। আর সেটা হবে পশ্চিমাদের জন্য স্বার্থ হানিকর। সে কারণেই পশ্চিমারা যে কোনো মূল্যে ইউক্রেনে রাশিয়ার বিজয় ঠেকাতে বদ্ধপরিকর। মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ওলাফ শোল্টজ যেমনটি বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে জয়ী হতে দেওয়া যাবে না।

পশ্চিমাদের এই দৃষ্টিভঙ্গি যুদ্ধকে দীর্ঘায়িত করবে আর যুদ্ধ যত দীর্ঘায়িত হবে ক্ষতিগ্রস্ত হবে দুই দেশ।#

পার্সটুডে/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।