আর্কটিক অঞ্চলে ন্যাটোর জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে রাশিয়া: স্টলটেনবার্গ
https://parstoday.ir/bn/news/world-i112450-আর্কটিক_অঞ্চলে_ন্যাটোর_জন্য_চ্যালেঞ্জ_সৃষ্টি_করেছে_রাশিয়া_স্টলটেনবার্গ
মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, আর্কটিক অঞ্চলে রাশিয়ার সামরিক সক্ষমতা ওই অঞ্চলে ন্যাটো জোটের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৭, ২০২২ ০৯:২৮ Asia/Dhaka
  • ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ
    ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ

মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, আর্কটিক অঞ্চলে রাশিয়ার সামরিক সক্ষমতা ওই অঞ্চলে ন্যাটো জোটের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।

গতকাল (শুক্রবার) কানাডা সফরের সময় স্টলটেনবার্গ এই কথা বলেন। তিনি বলেন, উত্তর মেরুতে রাশিয়া উল্লেখযোগ্য মাত্রায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে। ন্যাটো মহাসচিব দাবি করেন, রাশিয়া আবারো আর্কটিক অঞ্চলে সোভিয়েত আমলের শত শত সামরিক স্থাপনা চালু করেছে। এছাড়া, ওই অঞ্চলকে রাশিয়া নতুন নতুন অস্ত্র পরীক্ষার কেন্দ্রে পরিণত করেছে বলেও অভিযোগ করেন স্টলটেনবার্গ।

তিনি বলেন, এই অবস্থায় রাশিয়ার মোকাবেলা করতে হলে আর্কটিক অঞ্চলে ন্যাটো জোটকে তার সামরিক উপস্থিতি বাড়াতে হবে। তিনি বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং বোমারু বিমানগুলোর জন্য উত্তর মেরু হবে উত্তর আমেরিকায় পৌঁছানোর সবচেয়ে সহজ এবং সংক্ষিপ্ত পথ। এক্ষেত্রে রাশিয়ার মোকাবেলা করার জন্য নোরাডের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোরাড হচ্ছে নর্থ আমেরিকান অ্যারো স্পেস ডিফেন্স কমান্ড। এটি আমেরিকা এবং কানাডার যৌথ সংগঠন।

আর্কটিক অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক এই জোটের তৎপরতা নিয়ে রাশিয়াও এর আগে একইভাবে উদ্বেগ প্রকাশ করেছে। আর্কটিক অঞ্চল বিষয়ক রাশিয়ার ‘অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ’ নিকোলাই করচুনভ চলতি বছরের প্রথম দিকে বলেছিলেন, ন্যনাটো জোটের কিছু সামরিক তৎপরতার কারণে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটে যেতে পারে। ওই এলাকায় ন্যাটোর তৎপরতাকে তিনি উদ্বেগজনক বলে উল্লেখ করেছিলেন। এছাড়া, আর্কটিক অঞ্চলে ন্যাটো জোট যে সামরিক মহড়া চালিয়েছিল সে সম্পর্কে করচুনভ বলেছিলেন, এই মহড়া নিরাপত্তার জন্য কোনো ভূমিকা পালন করবে না।#

পার্সটুডে/এসআইবি/২৭