খেরসনে অব্যাহত রুশ অভিযান
খেরসন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বৃষ্টি; ১০ জন নিহত
-
খেরসন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বৃষ্টি
ইউক্রেনের খেরসন শহরে গতকাল শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত ছিল। রাশিয়ার সেনাদের দুই দিনের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছে।
ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু পর যে চারটি অঞ্চল মস্কো গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে একীভূত করে নেয় খেরসন তার একটি। গত দুই সপ্তাহ আগে এ শহর থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করে নেয় এবং তখন থেকেই ধারণা করা হচ্ছিল শহরটির ওপর বড় রকমের হামলা চালাতে পারে রাশিয়া। সেই ধারণাই শেষ পর্যন্ত গত দুই দিনে সত্য হয়েছে।
খেরসনের কর্মকর্তারা দাবি করেছেন, রাশিয়া ব্যক্তি মালিকানাধীন এবং অ্যাপার্টমেন্ট ভবন, শিপইয়ার্ড, স্কুল-ভবন এবং গ্যাস পাইপের ওপর হামলা চালিয়েছে। গত কয়েকদিন ধরে রাশিয়া ইউক্রেনের ওপর ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এতে ইউক্রেনের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়েছে।
ইউক্রেনের ন্যাশনাল পাওয়ার গ্রিডের অপারেটর ইউক্রেনেরগো বলেন, গত কয়েক দিনের প্রচেষ্টায় বহু জায়গার বিদ্যুৎব্যবস্থা পুনর্বহাল করা সম্ভব হলেও এখনো শতকরা ৩০ ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি।#
পার্সটুডে/এসআইবি/২৬