ইউক্রেনে প্যাট্রিয়ট পাঠানোর জার্মান সিদ্ধান্তের নিন্দা জানাল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i118120-ইউক্রেনে_প্যাট্রিয়ট_পাঠানোর_জার্মান_সিদ্ধান্তের_নিন্দা_জানাল_রাশিয়া
ইউক্রেনে অত্যাধুনিক সাঁজোয়া যান ও ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর যে সিদ্ধান্ত জার্মানি নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, জার্মানির এই পদক্ষেপকে ইউক্রেনের সংঘাত আরো বেশি ছড়িয়ে দেয়ার পদক্ষেপ হিসেবে দেখছে রাশিয়া।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ০৭, ২০২৩ ০৬:১৮ Asia/Dhaka
  • প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
    প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

ইউক্রেনে অত্যাধুনিক সাঁজোয়া যান ও ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর যে সিদ্ধান্ত জার্মানি নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, জার্মানির এই পদক্ষেপকে ইউক্রেনের সংঘাত আরো বেশি ছড়িয়ে দেয়ার পদক্ষেপ হিসেবে দেখছে রাশিয়া।

বার্লিনস্থ রুশ দূতাবাস গতকাল (শুক্রবার) এক বিবৃতি প্রকাশ করে এ নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিষয়টিকে ইউক্রেনে চলমান সংঘাত আরো ছড়িয়ে দেয়ার একটি অপচেষ্টা হিসেবে বিবেচনা করছি। এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এমন একটি সময়ে যখন খ্রিস্টান বিশ্বে অর্থোডক্স ক্রিসমাস উদযাপিত হচ্ছে এবং এ উপলক্ষে রাশিয়ার পক্ষ থেকে একতরফা যুদ্ধবিরতি পালন করা হচ্ছে।”

ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কিয়েভকে নতুন করে যুদ্ধাস্ত্রের চালান পাঠানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের মধ্যে এক সমঝোতার পর রাশিয়া এ প্রতিক্রিয়া জানাল। ওই সমঝোতায় বলা হয়েছে, জার্মানি নিজের কাছে থাকা ৫০টি মার্কিন সাঁজোয়া যানের পাশাপাশি নিজস্ব ৪০টি অত্যাধুনিক সাঁজোয়া যান ইউক্রেনের কাছে হস্তান্তর করবে। সেইসঙ্গে ইউক্রেনকে একটি প্যাট্রিয়ট ব্যবস্থা সরবরাহ করার পাশাপাশি এটি পরিচালনার জন্য ইউক্রেনের সৈন্যদেরকে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।

বার্লিনস্থ রুশ দূতাবাস আরো বলেছে, ইউক্রেনের জন্য প্রস্তুত এসব সমরাস্ত্র কিয়েভের কাছে পাঠানোর ক্ষেত্রে তাড়াহুড়ো দেখে স্পষ্ট বোঝা যায়, জার্মান সরকার মার্কিন প্রশাসনের চাপের কাছে নতিস্বীকার করেছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৭