ফ্রান্সে তাকফিরি দায়েশের হামলায় স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা নিহত
উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের সঙ্গে সম্পর্কযুক্ত এক হামলাকারী প্যারিসের কাছে একটি বাড়িতে একজন পুলিশ কর্মকর্তা এবং তার স্ত্রীকে হত্যা করেছে। পরে হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়।
আজ মঙ্গলবার ভোরে ওই পুলিশ কর্মকর্তা এবং তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে হামলাকারী। হামলার সময় তাকে তাকফিরি দায়েশের স্লোগান দিতে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্যারিসের উপকণ্ঠে ম্যাগনাভিল্লেতে অবস্থিত বাড়ি থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ এবং তাদের তিন বছরের ছেলেকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। হামলাকারী নিহত হওয়ার আগে পুলিশের সঙ্গে কথাবার্তায় তাকফিরি দায়েশের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে বলে সে দাবি করেছে।
এ ঘটনার পর দায়েশের সংবাদমাধ্যম 'আমাক নিউজ এজেন্সি' এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এক যোদ্ধা লেস মোরেক্স শহরের একটি থানার উপপ্রধান এবং তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট ইন্টিলিজেন্ট গ্রুপ এ খবর দিয়েছে।
এদিকে, হত্যাকাণ্ডের পরপরই ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এই ঘটনার ‘প্রকৃত কারণ’ বের করার লক্ষ্যে বৈঠকে বসবেন বলে ঘোষণা দিয়েছেন। পরে এই হত্যাকাণ্ডকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেন তিনি।
গত রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর একটি পুরুষ সমকামী নাইট ক্লাবে গোলাগুলিতে ৫০ জন নিহত ও ৫৩ জন আহত হওয়ার পর প্যারিসে এই হামলার ঘটনা ঘটল। ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ।#
পার্সটুডে/বাবুল আখতার/১৪