পাকিস্তানে প্রখ্যাত কাওয়ালি গায়ক আমজাদ সাবরি গুলিতে নিহত
-
আমজাদ সাবরি
পাকিস্তানে প্রখ্যাত কাওয়ালি গায়ক আমজাদ সাবরিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ (বুধবার) বন্দর শহর করাচির লিয়াকতবাদের ব্যস্ত এলাকায় সাবরির গাড়িতে গুলি চালায় দুই অস্ত্রধারী। হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। ৪৫ বছর বয়স্ক সাবরি ছিলেন ভারতীয় উপমহাদেশের শীর্ষ কাওয়ালি গায়কদের অন্যতম।পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সাবরির গাড়ি একটি সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার সঙ্গে থাকা এক আত্মীয়ও আহত হন। তার অবস্থাও আশঙ্কাজনক।
সিন্ধুর পুলিশ প্রধান বলেছেন, সাবরি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। সাবরির শরীরে পাঁচটি গুলি লেগেছে। এটাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছেন কয়েক জন পুলিশ কর্মকর্তা।
পাকিস্তানে সাবরি'র বিপুল সংখ্যক ভক্ত রয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২