কাশ্মির নিয়ে আলোচনা চায় না বলেই সংলাপ এড়িয়ে যাচ্ছে ভারত: পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ আজ দাবি করেছেন, কাশ্মিরের মতো সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে হবে বলেই পাকিস্তানের সঙ্গে সংলাপ এড়িয়ে চলছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ বক্তব্য দেন তিনি।
মোদি তার বক্তব্যে দুই দেশের মধ্যে সংলাপ অচল হয়ে পড়ার জন্য পাকিস্তানকে দায়ী করেছেন। কিন্তু সারতাজ আজিজ দাবি করেন, প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনায় অনাগ্রহী নয় পাকিস্তান। তিনি বলেন, কাশ্মির, সিয়াচেন হিমবাহ, স্যার ক্রিক, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, ভিসাসহ অন্যান্য বিষয়ে ভারতের সঙ্গে ব্যাপক আলোচনার পরিকল্পনা পাকিস্তানের আছে।

এ ছাড়া, সিয়াচেন ইস্যুতে সই হওয়া দ্বিপক্ষীয় চুক্তি ভারতের সেনাবাহিনী প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন আজিজ। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনীর স্বার্থ রয়েছে সিয়াচেনে। তিনি আরো দাবি করেন, পাকিস্তানের কূটনৈতিক তৎপরতার কারণেই ভারত পরমাণু কাঁচামাল সরবরাহ গোষ্ঠী এনএসজি’র সদস্য পদ লাভে ব্যর্থ হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৯