ওয়ানি নিহত হওয়ার ঘটনাকে ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড’ বলে নিন্দা জানাল পাকিস্তান
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে হিজবুল মুজাহিদীনের কমান্ডার বুরহান মুজাফফর ওয়ানি নিহত হওয়ার ঘটনার কঠোর প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিজ জাকারিয়া আজ(রোববার) এ ঘটনাকে তার ভাষায়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, তার ভাষায়, কাশ্মিরের নেতা বুরহান ওয়ানিসহ আরো অনেক নিরীহ কাশ্মিরিকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা নিন্দনীয়। এ জাতীয় সহিংসতাকে কাশ্মিরি জনগণের মানবাধিকার বিরোধী দাবি করে তিনি আরো বলেন, এ সব ঘটনা তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার আদায়ের দাবি থেকে জম্মু-কাশ্মিরের মানুষকে বিরত করতে পারবে না।

শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাশ্মিরের কোকেরাং এলাকায় অভিযান চালালে বুরহান ওয়ানিসহ তার দুই সহযোগী নিহত হন বলে জানিয়েছেন কাশ্মির পুলিশের মহাপরিচালক কে রাজেন্দ্র। ওয়ানি নিহত হওয়ার প্রতিবাদে কাশ্মিরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ২০’এ পৌঁছেছে।#
পার্সটুডে/মূসা রেজা/১০