পাকিস্তানে সামরিক আইন জারির আহ্বান জানিয়ে রহস্যজনক পোস্টার
পাকিস্তানে সামরিক আইন জারির আহ্বান জানিয়ে রহস্যজনক পোস্টার লাগানো হয়েছে। দেশটির সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের ছবিসহ এ সব পোস্টার একরাতের মধ্যে রাজধানীসহ দেশটির প্রধান ১৩টি শহরের রাস্তার পাশে লাগানো রয়েছে। মুভ অন পাকিস্তান নামের একটি প্রায় অজ্ঞাত রাজনৈতিক দলের পক্ষ থেকে এ সব পোস্টার লাগানো হয়।
রাজধানী ইসলামাবাদ, বন্দরনগরী করাচি, পেশোয়ার, ফয়সলাবাদ, সেনা নগরী রাওয়ালপিন্ডিসহ আরো অনেক শহরে এ পোস্টার লাগানো রয়েছে। এতে উর্দু ভাষায় লেখা হয়েছে, 'জানি কি বাত হুইয়ে হ্যায়ে পুরানে, খোদা কি লিয়ে আভ আ যাও' অর্থাৎ সরে যাওয়ার কথা সে তো পুরনো হয়ে গেছে, খোদার কসম এখন তুমি এগিয়ে এসো।

চেক পয়েন্ট এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এ সব পোস্টার কি করে ক্যান্টনমেন্ট এলাকাগুলোতে লাগানো গেছে তা নিয়ে বেশ রহস্য সৃষ্টি হয়েছে। এ ছাড়া, রাতারাতি কি করে প্রধান ১৩টি শহরে এ সব পোস্টার লাগানো সম্ভব হলো সে প্রশ্নের সন্তোষজনক কোনো জবাব পাওয়া যায় নি। আর পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দফতর আইএসপিআরও এ বিষযে এখনো কিছু বলে নি। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক আমির রানা মনে করছেন, কিছু একটা ঘটতে যাচ্ছে বলে যে গুঞ্জন চলছে সব মিলিয়ে এবার তা আরো জোরদার হলো।#
পার্সটুডে/মূসা রেজা/১২