ইসলামাবাদে ‘মুম্বাই স্টাইলের’ সন্ত্রাসী হামলা ঠেকিয়েছে পাক পুলিশ
https://parstoday.ir/bn/news/world-i14662-ইসলামাবাদে_মুম্বাই_স্টাইলের’_সন্ত্রাসী_হামলা_ঠেকিয়েছে_পাক_পুলিশ
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘মুম্বাই স্টাইলের’ একটি সন্ত্রাসী হামলা ঠেকিয়ে দিয়েছে পুলিশ। গত মাসের প্রথম সপ্তাহে এ ধরনের হামলা প্রতিহত করা হয়েছে বলে পাকিস্তান পুলিশের মহাপরিদর্শন তারিক মাসুদ জানিয়েছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ১৫, ২০১৬ ১৬:২৩ Asia/Dhaka
  • ইসলামাবাদে ‘মুম্বাই স্টাইলের’ সন্ত্রাসী হামলা ঠেকিয়েছে পাক পুলিশ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘মুম্বাই স্টাইলের’ একটি সন্ত্রাসী হামলা ঠেকিয়ে দিয়েছে পুলিশ। গত মাসের প্রথম সপ্তাহে এ ধরনের হামলা প্রতিহত করা হয়েছে বলে পাকিস্তান পুলিশের মহাপরিদর্শন তারিক মাসুদ জানিয়েছেন।

তিনি দেশটির সিনেটের স্বরাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটিকে এ কথা জানান। তিনি বলেন, 'সেইফ সিটি' প্রকল্পের আওতায় ইসলামাবাদে বসানো নজরদারি ক্যামেরার সহায়তায় পরিকল্পিত এ হামলা ঠেকানো সম্ভব হয়েছে। অবশ্য সিনেট কমিটিকে এ বিষয়ে আর কিছু বলেন নি তিনি।

শীর্ষ স্থানীয় পুলিশ কর্মকর্তারা পরে জানিয়েছেন, ২০০৮ সালে ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাই নগরীতে যে ধরনের সন্ত্রাসী হামলা হয়েছিল ইসলামাবাদেও সে ধরনের হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল। ১৩ জন সন্ত্রাসী একযোগে একটি শীর্ষ স্থানীয় সরকারি বিশ্ববিদ্যালয় এবং পাঁচ তারা হোটেলে হামলার পরিকল্পনা করেছিল বলে জানানো হয়। ফোনে আড়ি পেতে প্রথমে এ বিষয়টি জানতে পারে পাক সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই ।

এদিকে, পুলিশের পক্ষ থেকে এ ধরনের তথ্য প্রকাশে নাখোশ হয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি হতে পারে এমন বিবৃতি পুলিশের দেয়া উচিত নয়।#

পার্সটুডে/মূসা রেজা/১৫