আর্থিক কেলেঙ্কারি: সাবেক পাক সেনাপ্রধানের ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
https://parstoday.ir/bn/news/world-i14953-আর্থিক_কেলেঙ্কারি_সাবেক_পাক_সেনাপ্রধানের_ভাইয়ের_বিরুদ্ধে_গ্রেফতারি_পরোয়ানা
পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা-এনএবি জমি নিয়ে কেলেঙ্কারির অভিযোগে দেশটির সাবেক সেনাপ্রধান আশফাক পারভেজ কিয়ানির ভাই কামরান কিয়ানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ডিএইচএ সিটি লাহোর-এর এক কোটি ৬০ লাখ রুপি আত্মসাতের সঙ্গে কামরান কিয়ানি জড়িত বলে অভিযোগ করা হয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ১৮, ২০১৬ ১৯:১১ Asia/Dhaka
  • ডিএইচএ সিটি লাহোরের একটি ফাইল ছবি
    ডিএইচএ সিটি লাহোরের একটি ফাইল ছবি

পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা-এনএবি জমি নিয়ে কেলেঙ্কারির অভিযোগে দেশটির সাবেক সেনাপ্রধান আশফাক পারভেজ কিয়ানির ভাই কামরান কিয়ানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ডিএইচএ সিটি লাহোর-এর এক কোটি ৬০ লাখ রুপি আত্মসাতের সঙ্গে কামরান কিয়ানি জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

পাক সেনা সদস্যদের জন্য গড়ে তোলা হচ্ছে ডিএইচএ সিটি লাহোর। সেনাবাহিনীর নিহত সদস্যদের পরিবার, যুদ্ধাহত সেনা, সাধারণ জওয়ান, জুনিয়র এবং নন-কমিশন্ড অফিসারদের এ প্রকল্পে ভর্তুকি মূল্যে জমি দেয়ার কথা রয়েছে। এ ছাড়া, আর্থিকভাবে প্রকল্পটিকে সফল করার জন্য এতে পাকিস্তানের সব নাগরিকের অংশগ্রহণের ব্যবস্থাও রাখা হয়েছে। ২০০৯ সালে প্রকল্পটি চালু করা হয়।

এনএবি’র কাগজপত্রে বলা হয়েছে, তদন্তে দেখা গেছে কামরান কিয়ানি দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। গ্রেফতারের পর তাকে আদালতে উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে।

ইলিসিয়াম হোল্ডিং নামের একটি সংস্থার মালিক কামরান। হামাদ আরশাদ হলেন- অব গ্লোবাকো নামের একটি সংস্থার মালিক। জমি অধিগ্রহণ করে প্রকল্প বাস্তবায়নের কাজে ডিএইচএ লাহোরকে সেবা দিচ্ছে এ দুই সংস্থা। আরশাদকে লাহোর থেকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তিন দফা প্রজ্ঞাপন জারির পরও তদন্তকারীদের সামনে হাজির হন নি কামরান।#

পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহমান/১৮