কাশ্মিরিদের সংগ্রামের মুখে ভারতকে পরাজয় স্বীকার করতে হবে: পাকিস্তানের দাবি
https://parstoday.ir/bn/news/world-i15073-কাশ্মিরিদের_সংগ্রামের_মুখে_ভারতকে_পরাজয়_স্বীকার_করতে_হবে_পাকিস্তানের_দাবি
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দাবি করেছেন, কাশ্মির নিয়ে ভারতের সামনে মাত্র দু’টি পথ খোলা আছে; হয় তাদেরকে আগ্রাসন চালিয়ে যেতে হবে অথবা জাতিসংঘের দেয়া দিক-নির্দেশনা অনুযায়ী কাশ্মিরিদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২০, ২০১৬ ১০:৪৯ Asia/Dhaka
  • কাশ্মিরিদের সংগ্রামের মুখে ভারতকে পরাজয় স্বীকার করতে হবে: পাকিস্তানের দাবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দাবি করেছেন, কাশ্মির নিয়ে ভারতের সামনে মাত্র দু’টি পথ খোলা আছে; হয় তাদেরকে আগ্রাসন চালিয়ে যেতে হবে অথবা জাতিসংঘের দেয়া দিক-নির্দেশনা অনুযায়ী কাশ্মিরিদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।

কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানের বিরুদ্ধে পাকিস্তান আজ কালো দিবস পালন করছে। এ দিবস উপলক্ষে আজ (বুধবার) দেয়া বার্তায় এ কথা বলেন নওয়াজ শরীফ।

বার্তায় নাওয়াজ তার ভাষায়  আরো বলেন, কাশ্মিরের চলমান 'স্বাধীনতার সংগ্রাম' মোটেও দমে যাবে না এবং যে জাতি এভাবে জেগে ওঠে তাকে স্বাধীনতার পথ থেকে কেউ হটিয়ে দিতে পারে না।  তিনি দাবি করেন, কাশ্মিরের জনগণের বীরত্বব্যঞ্জক সংগ্রামের মুখে ভারতের পরাজয় স্বীকার করা ছাড়া আর কোনো উপায় নেই।

পাকিস্তান সব সময়ই কাশ্মিরের মানুষের সঙ্গে আছে বলেও বার্তায় উল্লেখ করা হয়। নওয়াজ আরো বলেন, কাশ্মিরের মানুষের সঙ্গে পাকিস্তানের এ সম্পর্ক কেবলমাত্র ধর্ম, সভ্যতা  বা মানবতার ভিত্তিতে গড়ে ওঠেনি বরং গড়ে উঠেছে রক্তের ভিত্তিতে।

তিনি বলেন, কাশ্মিরিদের কখনোই ছেড়ে যাবে না পাকিস্তান। কূটনৈতিক, রাজনৈতিক এবং মানবিক সব ফোরামেই কাশ্মিরের বিষয়টি তুলে ধরা হবে বলেও জানান পাক প্রধানমন্ত্রী।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২০