ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা: তদন্ত দাবি মার্কিন সিনেটরদের
https://parstoday.ir/bn/news/world-i162768-ইরানে_বিয়ের_অনুষ্ঠানে_মার্কিন_হামলা_তদন্ত_দাবি_মার্কিন_সিনেটরদের
পার্সটুডে: ইরানের বন্দর কোহেস্তাকে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার বিষয়ে তদন্ত শুরু করতে দেশটির সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার।
(last modified 2026-09-04T12:42:03+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২৬ ১৫:৩৯ Asia/Dhaka
  •  মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার
    মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার

পার্সটুডে: ইরানের বন্দর কোহেস্তাকে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার বিষয়ে তদন্ত শুরু করতে দেশটির সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার।

পার্সটুডে জানিয়েছে,  যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ওই হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি মার্কিন বলে উল্লেখ করার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শুমার বলেন, এসব প্রতিবেদন উদ্বেগজনক। তিনি সেন্টকমকে অবিলম্বে এ বিষয়ে তদন্ত শুরু করার আহ্বান জানান।

ইরানের সিরিক এলাকায় বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার ঘটনায় সিনেটর ক্রিস ভ্যান হোলেনও বলেন, হামলাটি সম্পূর্ণভাবে তদন্ত করা উচিত এবং এর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে তিনি এই ‘বিপর্যয়কর যুদ্ধ’ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ইরানের উপকূলীয় শহর কোহেস্তাকে একটি ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান চলছিল। নারীরা হাতে মেহেদির নকশা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিশুরা উঠানে খেলছিল এবং অতিথিদের আপ্যায়নের জন্য খাবার প্রস্তুত করা হচ্ছিল। এর মধ্যেই একটি বোমা ভবনটিতে আঘাত করলে ছাদ ধসে পড়ে এবং আনন্দের অনুষ্ঠান মুহূর্তেই ধ্বংসস্তূপ ও রক্তের দৃশ্যে পরিণত হয়।

পত্রিকাটি জানায়, তাদের ভিজ্যুয়াল বিশ্লেষণ ও একজন অস্ত্র বিশেষজ্ঞের মূল্যায়নে দেখা গেছে, বিয়ের অনুষ্ঠানকে লক্ষ্য করে নিক্ষেপ করা বোমাটি মার্কিন বাহিনী ব্যবহার করেছিল এবং দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার সময়ই এটি নিক্ষেপ করা হয়। ইরানের রেড ক্রিসেন্টের তথ্যমতে, হামলায় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে ছয় বছর বয়সী এক শিশুও রয়েছে। এছাড়া অন্তত ৬৭ জন আহত হয়েছেন।#
 

পার্সটুডে/ এমবিএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।