নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে গুলি: টার্মিনাল থেকে লোকজন অপসারণ
নিউইয়র্কের জন এফ কেনেডি বা জেএফকে বিমানবন্দরে গুলি বর্ষণের অসমর্থিত খবরের পর টার্মিনাল থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।
স্থানীয় সময় রোববার রাত সাড়ে নয়টায় জন এফ কেনেডি বিমানবন্দরের টার্মিনাল-৮’এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কমপক্ষে দু’দফা গুলি চালানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজনদের বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এ ছাড়া, টার্মিনাল থেকে লোকজন সরিয়ে নেয়া হয়েছে। অবশ্য হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।
গুলির ঘটনার সময় টার্মিনাল-৮’এ ছিলেন ডেমিট্রিয়াস পিপকিন নামের এক যাত্রী। তিনি বলেন, যা কিছু পাওয়া যায় তার আড়ালে লুকাবার জন্য নির্দেশ দেয়া হয়। এতে লোকজনের মধ্যে ছুটোছুটির হিড়িক পড়ে যায় এবং পরিস্থিতি পাগলা গারদের মতো হয়ে যায়।
এদিক, আরেক দফা গুলি হয়েছে বলে খবর প্রচার হলে টার্মিনাল ১’এ-ও স্থানীয় সময় রাত সোয়া ১০টায় আতংক ছড়িয়ে পড়ে।
অবশ্য, বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বিমানবন্দরের ভেতরে এবং টার্মিনাল-৮’এ গুলিবর্ষণের বিষয়টি নিশ্চিত করা যায় নি। কিন্তু লোকজনকে সতর্কতামূলক ভাবে সরিয়ে নেয়া হয়েছে।
এ ছাড়া, অনেক ফ্লাইটকে এ বিমানবন্দর নামতে দেয়া হয় নি বলে কয়েকজন যাত্রী টুইটার বার্তায় জানিয়েছেন।#
রেডিও তেহরান/মূসা রেজা/১৫