ইরান থেকে নতুন করে হামলা শুরু করতে পারে রাশিয়া: রাষ্ট্রদূত
-
রুশ বোমারু বিমান
ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লেভান ডিঝাগারিয়ান বলেছেন, সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে আবারো ইরানের বিমানঘাঁটি ব্যবহার করে রুশ বিমান বাহিনী হামলা শুরু করতে পারে। তবে এ বিষয়ে দু দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে আগে সিদ্ধান্ত হবে।
লেভান (সোমবার) বলেছেন, “সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলার জন্য হামেদানসহ ইরানের ঘাঁটি ব্যবহার করার পথে রাশিয়া কোনো বাধা দেখছে না।” তিনি আরো বলেন, সিরিয়া ইস্যুতে ইরানের সঙ্গে রাশিয়ার যোগাযোগের একটি ইতিবাচক প্রেক্ষাপট রয়েছে। গত সোমবার রুশ বোমারু বিমান ইরানের হামেদান প্রদেশের নোজেহ বিমানঘাঁটি থেকে সিরিয়ার সন্ত্রাসীদের ওপর হামলা চালিয়েছে বলে তেহরান ও মস্কো নিশ্চিত করার পর রুশ রাষ্ট্রদূত নতুন করে বিমান হামলার সম্ভাবনা নিয়ে কথা বললেন। অবশ্য তিনি এও জানিয়েছেন যে, হামেদানের ওই ঘাঁটি থেকে রাশিয়ার সমস্ত সেনা চলে গেছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, সিরিয়া সংকট সমাধানের জন্য ইরান ও রাশিয়া সহযোগিতা জোরদার করবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমিও ইরান থেকে সিরিয়ায় রুশ বিমান হামলা বন্ধের কথা নিশ্চিত করেছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩