সিরিয়ায় বেসামরিক নাগরিক হত্যার কথা স্বীকার করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i18118-সিরিয়ায়_বেসামরিক_নাগরিক_হত্যার_কথা_স্বীকার_করল_আমেরিকা
সিরিয়ায় মার্কিন বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়ে থাকতে পারে বলে স্বীকার করেছে আমেরিকা। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের ওপর হামলা চালাতে গিয়ে এসব বেসামরিক মানুষ মারা গেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ২৫, ২০১৬ ০৭:১২ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়ে থাকতে পারে বলে স্বীকার করেছে আমেরিকা। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের ওপর হামলা চালাতে গিয়ে এসব বেসামরিক মানুষ মারা গেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিবৃতি অনুসারে, “গত মঙ্গলবার দায়েশের কথিত রাজধানী রাকায় সন্ত্রাসীদের অস্ত্র-ডিপোতে বিমান হামলা চালানো হয়। এ হামলায় বেসামরিক লোকজন নিহত হয়ে থাকতে পারে।”

বিবৃতিতে বলা হয়েছে- বোসমরিক মানুষ হতাহতের বিষয়ে তদন্ত করা হবে কিনা তা পরে সিদ্ধান্ত নেয়া হবে। সেন্ট্রাল কমান্ড দাবি করছে, বিমান হামলার সময় ‘টার্গেট এরিয়াতে’ একটি বেসামরিক গাড়ি ঢুকে পড়ে। হামলায় ওই গাড়ির লোকজন মারা গিয়ে থাকতে পারে।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল বলেছে, ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ২০১৬ সালে ২৩ আগস্ট পর্যন্ত মোট ২৩ মাসে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের বিমান হামলায় ৬,০০৪ জন বেসামরিক মারা গেছে। এরপর মার্কিন সেন্ট্রাল কমান্ড বিমান হামলায় বেসামরিক মানুষ মারা যাওয়ার কথা স্বীকার করল। গত মাসে কথিত মার্কিন সমর্থিত সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন বা এসএনসি-সহ বিভিন্ন মহল থকে মার্কিন বিমান হামলায় বেসামরিক লোকজন নিহত হওয়ার বিরুদ্ধে তীব্র সমালোচনা করা হয়।

এসএনসি’র প্রধান আনাস আলাবদাহ বলেছেন, আলেপ্পোর কাছে মানবিজ শহরে বিমান হামলায় ৭৩ জন বেসামরিক মানুষ নিহত ও ২০৫ জন আহত হওয়ার ঘটনায় পরিপূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিমান হামলা বন্ধ রাখতে হবে। এ ঘটনাকে দায়েশ-বিরোধী হামলার নামে বেসামরিক লোকজন হত্যা বলে উল্লেখ করা হয়েছে। তবে মার্কিন বিমান হামলা বন্ধ করা হবে না বলে আমেরিকা সুস্পষ্ট ঘোষণা দিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫