চিকিৎসা ক্ষেত্রে সিরিয় সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে চীন
সিরিয়ার সেনাবাহিনীকে চিকিৎসা এবং নার্সিংয়ের ক্ষেত্রে পেশাদারী প্রশিক্ষণ দেবে চীন। এ তথ্য জানিয়েছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান। তিনি আজ (বৃহস্পতিবার) নিয়মিত মাসিক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন, তার দেশের সামরিক বাহিনী চীনের মাটিতে সিরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে।
মুখপাত্র বলেন, চীনের সামরিক বাহিনী সিরিয় সেনাবাহিনীকে চিকিৎসা এবং নার্সিং ক্ষেত্রে পেশাদারী প্রশিক্ষণ দেবে। সিরিয়ার চলমান মানবিক দুর্দশা লাঘব করার লক্ষ্যে চীনের সামরিক বাহিনী এই কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান উ।
তিনি আরো বলেন, সিরিয়ার জনগণের কষ্ট এবং দুর্ভোগ লাঘব করার জন্য দামেস্ক কর্তৃপক্ষকে চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ সরবরাহের মাধ্যমে চীন এরইমধ্যে সেখানে মানবিক তৎপরতা শুরু করেছে।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সিরিয়া সংকটের একটি রাজনৈতিক সমাধানের পাশাপাশি দেশটির স্বাধীনতা অক্ষুণ্ন রাখার প্রতি বেইজিং সব সময় সমর্থন দিয়ে আসছে। দীর্ঘ সময় ধরে চীন ও সিরিয়া একে অপরকে সহায়তা দিয়ে আসছে বলেও উল্লেখ করেন এই মুখপাত্র।#
পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/২৫