বিনা ঘোষণায় বিশাল সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i18207-বিনা_ঘোষণায়_বিশাল_সামরিক_মহড়া_শুরু_করেছে_রাশিয়া
রাশিয়ার সেনাবাহিনী বিনা ঘোষণায় বিশাল সামরিক মহড়া শুরু করেছে। ইউক্রেন এবং বাল্টিক সাগর তীরবর্তী দেশগুলোর সীমান্তবর্তী এলাকার কাছে এ মহড়া শুরু করা হয়েছে। এতে ভবিষ্যতের ’সম্ভাব্য’ অভিযানের জন্য পদাতিক বাহিনীসহ বিমান এবং মেরিন সেনাদের পুরোপুরি যুদ্ধ প্রস্তুতিতে রাখা হয়েছে।
(last modified 2026-08-28T10:43:06+00:00 )
আগস্ট ২৬, ২০১৬ ০৭:০৩ Asia/Dhaka
  • যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করছে রুশ টি-৮০ ট্যাংক বহর
    যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করছে রুশ টি-৮০ ট্যাংক বহর

রাশিয়ার সেনাবাহিনী বিনা ঘোষণায় বিশাল সামরিক মহড়া শুরু করেছে। ইউক্রেন এবং বাল্টিক সাগর তীরবর্তী দেশগুলোর সীমান্তবর্তী এলাকার কাছে এ মহড়া শুরু করা হয়েছে। এতে ভবিষ্যতের ’সম্ভাব্য’ অভিযানের জন্য পদাতিক বাহিনীসহ বিমান এবং মেরিন সেনাদের পুরোপুরি যুদ্ধ প্রস্তুতিতে রাখা হয়েছে।

রুশ টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এ মহড়া শুরু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) গ্রিনিচ মান সময় ০৪০০টা থেকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয়, কেন্দ্রীয় এবং পশ্চিমাঞ্চলীয় ঘাঁটিগুলোর সেনা ও বিমানবাহিনীকে পুরোপুরি যুদ্ধ প্রস্তুতিতে রাখা হয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি বলেছিলেন, ইউরোপে কথিত রুশ আগ্রাসনের বিরুদ্ধে বাল্টিক তীরবর্তী দেশ লাটভিয়া, লিথুয়ানিয়া এবং এস্তোনিয়াকে ওয়াশিংটন সমর্থন দেবে। তার এ ঘোষণার মাত্র দু’দিনের মাথায় বিনা ঘোষণায় সামরিক মহড়া শুরু করল রাশিয়া।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২৬