আবার পাকিস্তানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী; ‘ইস্যু মধ্যপ্রাচ্য’
-
পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও সৌদি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান (ডানে)
নিরাপত্তা ও প্রতিরক্ষা ইস্যু নিয়ে পাকিস্তানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে আলোচনা করতে সৌদি যুবরাজ এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান পাকিস্তানে গেছেন। গতকাল (রোববার) মধ্যরাতে চীনে যাওয়ার পথে তিনি পাকিস্তানে যাত্রাবিরতি করেন। এটি পাকিস্তানে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর দ্বিতীয় সফর।
ইসলামাবাদ পৌঁছে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ বিন সালমান। বৈঠকে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করেন তারা।
সৌদি নেতৃত্বাধীন কথিত সন্ত্রাসবিরোধী জোটে পাকিস্তানের ভূমিকার কথাও এ সভায় আলোচনা করা হয়। এছাড়া, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে সৌদি প্রতিরক্ষামন্ত্রী পাক সেনাপ্রধানের সঙ্গে আলাদা একটি বৈঠক করেন। এ বৈঠকে মধ্যপ্রাচ্যের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়। পাক সেনাবাহিনীর এক বিবৃতিতে এসব তথ্য দেয়া হয়েছে। এতে বলা হয়, প্রতিরক্ষা ও অন্যান্য সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়গুলো তাদের আলোচনায় উঠে আসে।
এর আগে, সৌদি যুবরাজ ইসলামাবাদে পৌঁছালে পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বিমানবন্দরে তাকে স্বাগত জানান। তবে, দুদেশের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে কোনো বৈঠক হয়নি।
গত বছর ইয়েমেনে সামরিক আগ্রাসনে যোগ দিতে সরকারকে সেনা পাঠানোর অনুমতি দেয় নি পাকিস্তানের জাতীয় সংসদ। এ ঘটনায় পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯