বেলুচিস্তানে অস্থিতিশীলতা উসকে দিচ্ছে ভারত: রেহমান মালিক
-
পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক
পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বেলুচিস্তান প্রদেশে অস্থিতিশীলতা উসকে দেয়ার জন্য ভারতকে দায়ী করেছেন। পাশাপাশি ভারত সেখানকার বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা দিচ্ছে বলেও দাবি করেছেন। রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ভারতের বিরুদ্ধে এসব অভিযোগ করেন তিনি।
রেহমান মালিক বলেন, বেলুচিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টিতে ভারতের নাক গলানোর বিষয়টি কোনো গুপ্তকাহিনী নয়। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপির নেতা রেহমান মালিক।
পিপিপি ক্ষমতায় থাকার সময়ে বেলুচিস্তান নিয়ে পাক সংসদের উচ্চকক্ষে সিনেটে ব্রিফিং দেয়ার কথাও তুলে ধরেন তিনি। রেহমান মালিক বলেন, দীর্ঘ পাঁচ ঘণ্টার এ ব্রিফিং-এ বেলুচিস্তানে ভারতীয় গোয়েন্দা সংস্থার জড়িত থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে। বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী নেতা ব্রামাদাগ বুগতি ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর পুরোপুরি সমর্থন ভোগ করছে বলেও উল্লেখ করেন তিনি। বুগতির ভারতের সঙ্গে আর্থিক লেনদেনের এবং ঘনঘন নয়াদিল্লি সফরের কথাও পাক সিনেটকে অবহিত করা হয়েছিল বলে জানান রেহমান মালিক। বুগতি বর্তমানে স্বেচ্ছা নির্বাচনে রয়েছেন।
তিনি আরো বলেন, বেলুচিস্তান নয়াদিল্লির হস্তক্ষেপের বিষয়টি ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরমকে অবহিত করা হয়েছিল। ভারত এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে তাকে নিশ্চিত করেছিলেন চিদাম্বরম। কিন্তু সরকারের পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ায় এ নিয়ে আর এগোনো যায় নি বলে জানান রেহমান মালিক। এ ছাড়া, বেলুচিস্তান নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের কঠোর নিন্দা করেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/৩