যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ভারতে হামলা চালিয়েছে পাক বাহিনী: ভারত
-
পাক বাহিনীর নির্বিচার গুলিবর্ষণের জবাব দেয় ভারতীয় সৈন্যরা
ভারত দাবি করেছে, কাশ্মির সীমান্তে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় অবস্থানে গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা। ভারতের সেনাবাহিনী জানিয়েছে, জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ১২০ এমএম মর্টারের গোলা বর্ষণ করেছে পাকিস্তান।
ভারতের একজন সেনা মুখপাত্রের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা পিটিআই আজ (বুধবার) জানিয়েছে, গত মধ্যরাত থেকে পাক সেনারা পুঞ্চ সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে নির্বিচার গুলিবর্ষণ করেছে। এ কাজে হাল্কা অস্ত্র, অটোমেটিক রাইফেল, এবং ১২০ মিলিমিটার ক্যালিবারের ভারী মর্টার ব্যবহার করা হয়েছে।
ওই মুখপাত্র বলেন, “আমাদের সেনাবাহিনী এ হামলার যথাযথ জবাব দিয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের কোনো সেনা হতাহত হয়নি।”
জম্মু ও কাশ্মিরের পুলিশ জানিয়েছে, পুঞ্চের শাহপুর কান্দি এলাকায় বুধবার সূর্যোদয়ের পরও দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় চলছিল।
এর আগে গত ২ সেপ্টেম্বর পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখা বরাবর জম্মু জেলার আখনুর সেক্টরে ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
নয়া দিল্লির পরিসংখ্যান অনুযায়ী ২০১৫ সালে কাশ্মির সীমান্ত জুড়ে পাক বাহিনীর ৪০৫টি হামলার ঘটনায় ১৬ বেসামরিক ভারতীয় নাগরিক নিহত ও ৭১ জন আহত হয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭