ঈদুল আযহাকে কাশ্মিরের প্রতি উৎসর্গের ঘোষণা দিল পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ চলতি বছরের ঈদুল আযহাকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকারের সংগ্রামের প্রতি উৎসর্গ করার ঘোষণা দিয়েছেন। ঈদ উপলক্ষে দেয়া বার্তায় এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা উদযাপনের সময় কাশ্মিরের মানুষের আত্মোৎসর্গের কথা পাকিস্তান ভুলে যেতে পারে না। কাশ্মিরের মানুষ ভারতীয় হত্যাকাণ্ডের শিকার হচ্ছে বলে বার্তায় দাবি করে তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণাধিকার লাভের লক্ষ্যে তারা তৃতীয় প্রজন্মকে উদুল আজহা উৎসর্গ করছেন।
আজ পাকিস্তানে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। নওয়াজ শরীফ আরো বলেন, কাশ্মিরের মানুষের ইচ্ছা অনুযায়ী সংকট নিরসন না হওয়া পর্যন্ত আগামী সব ঈদ তাদের জন্য উৎসর্গ করবে পাকিস্তান।
এর আগে কাশ্মির আন্দোলনকে সমর্থন এবং চলমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করায় পাকিস্তানকে ধন্যবাদ দিয়েছেন হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানি। কাশ্মির নিয়ে উদ্বেগ প্রকাশ করার জন্য তিনি ইসলামি সহযোগিতা সংস্থা- ওআইসি'র পাশাপাশি ইরান, চীন, সৌদি আরব, তুরস্ক, নরওয়ে এবং নিউজিল্যান্ডকেও ধন্যবাদ জানিয়েছেন।#
পার্সটুডে/মূসা রেজা/১৩