ভারতের দাবিকে ‘উদ্ভট’ বলল পাকিস্তান
-
কাশ্মিরি নাগিরকদের ওপর ভারতীয় নিরাপত্তা বাহিনীর হামলা
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিষয়ে পাকিস্তানকে বিরত থাকতে হবে বলে নয়াদিল্লি যে দাবি করেছে তাকে নিতান্তই ‘উদ্ভট’ বলে উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ।
জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি তাহমিনা জানজুয়া এ মন্তব্য করেছেন। একইসঙ্গে তিনি জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রা’দ আল-হোসেইনের মন্তব্যকে স্বাগত জানিয়েছেন। রা’দ আল-হোসেইন মঙ্গলবার বলেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে দেশটির কর্তৃপক্ষ অতিরিক্ত বলপ্রয়োগ করছে।
তাহমিনা জানজুয়া বলেন, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনার কাশ্মিরে গত দু মাসের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সরেজমিন পরিদর্শনের জন্য প্রতিনিধিদল পাঠানোর যে প্রস্তাব দিয়েছেন পাকিস্তান তা সমর্থন করে।
এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ও আযাদ কাশ্মিরের বিষয়ে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন পাঠানোর জন্য জাতিসংঘ মানবাধিকার কমিশনের কাছে ইসলামাবাদ যে অনুরোধ জানিয়েছিল সংস্থাটি তাতে সাড়া দিয়েছে। গত ১৫ জুলাই পাকিস্তান আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ কমিশনকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন পাঠানোর অনুরোধ করে।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ বিষয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনকে চিঠি লেখার পর কাশ্মির পরিস্থিতির অবনতি হয়েছে। গত দুমাসের বেশি সময়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় ৮০ জন কাশ্মিরি নাগরিক মারা গেছে। তবে বিষয়টিতে পাকিস্তানের অবস্থানকে ভারত তার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫