সিরিয়া যুদ্ধবিরতিতে আমেরিকা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে: রাশিয়া
-
রাশিয়ার সামরিক মুখপাত্র ইগোর কোনাশেংকভ
আমেরিকার সমালোচনা করে রাশিয়া বলেছে, সিরিয়ায় যুদ্ধবিরতি বাস্তবায়নের ক্ষেত্রে ওয়াশিংটন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন সমর্থিত কথিত বিরোধী গোষ্ঠীগুলো সিরিয়ার আবাসিক এলাকায় হামলা জোরদার করেছে। তবে, সিরিয়ার সরকারি সেনারা পুরোপুরিভাবে যুদ্ধবিরতি মেনে চলছে।
রাশিয়ার সামরিক মুখপাত্র ইগোর কোনাশেংকভ গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এ সমালোচনা করেন। তিনি বলেন, “আমেরিকা তার আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতার দিক ঢাকার জন্য বাগাড়ম্বর করছে।” অন্যদিকে, যুদ্ধবিরতি কার্যকরের প্রথম মিনিট থেকেই রাশিয়া এর প্রতি সম্মান দেখিয়ে আসছে।
রাশিয়া ও আমেরিকার সমঝোতায় গত সোমবার সন্ধ্যা থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। দু দেশের মধ্যকার চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সিরিয়ার ভেতরে সন্ত্রাসকবলিত এলাকাগুলোতে মানবিক ত্রাণ পৌঁছানো হবে এবং যুদ্ধবিরতির বাইরে থাকা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ এবং জাবহাত ফাতেহ আশ-শামের ওপর রাশিয়া ও আমেরিকা সম্মিলিতভাবে হামলা চালাবে।
ইগোর কোনাশেংকভ বলেন, যুদ্ধবিরতি অনুযায়ী আমেরিকার প্রধান দায়িত্ব ছিল সন্ত্রাসী গোষ্ঠীগুলো থেকে কথিত উদারপন্থিদের আলাদা করা। কিন্তু আমেরিকা তা করতে পারে নি বরং সেই উদারপন্থিরাই সিরিয়ার সেনাবাহিনী ও আবাসিক এলাকাগুলোর ওপর হামলা চালাচ্ছে।
সিরিয়ার চলমান সংকট সমাধানের জন্য সাতদিনের এ যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। এ নিয়ে চলতি বছর ওয়াশিংটন ও মস্কো সিরিয়ায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতি কার্যকর করল।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬