আবারো পারভেজ মুশাররফের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিল আদালত
https://parstoday.ir/bn/news/world-i20479-আবারো_পারভেজ_মুশাররফের_সম্পত্তি_বাজেয়াপ্তের_নির্দেশ_দিল_আদালত
পাকিস্তানের একটি দায়রা আদালত সাবেক সেনা শাসক পারভেজ মুশাররফের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। রাজধানী ইসলামাবাদের লাল মসজিদে রক্তক্ষয়ী সেনা অভিযানকে কেন্দ্র করে দায়ের করা মামলায় এ নির্দেশ দেয়া হয়।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০১৬ ০৩:১৩ Asia/Dhaka
  • পারভেজ মুশাররফ
    পারভেজ মুশাররফ

পাকিস্তানের একটি দায়রা আদালত সাবেক সেনা শাসক পারভেজ মুশাররফের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। রাজধানী ইসলামাবাদের লাল মসজিদে রক্তক্ষয়ী সেনা অভিযানকে কেন্দ্র করে দায়ের করা মামলায় এ নির্দেশ দেয়া হয়।

২০০৭ সালে লাল মসজিদে চালানো সেনা অভিযানে উগ্রপন্থী ইমাম আবদুল রশিদ গাজীসহ শতাধিক মানুষ নিহত হয়েছিলেন।

১৯৯৯ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেছেন মুশাররফ। তার বিরুদ্ধে দেশটিতে ধারাবাহিক মামলা চলছে। এ সত্ত্বেও গত মার্চে জরুরি চিকিৎসার অজুহাতে রহস্যজনকভাবে পাকিস্তান ছেড়ে দুবাই চলে যান তিনি।

মুশাররফের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা এবং দায়রা জজ পারভেজুল কাদির মেমন। এছাড়া, আদালতে জামিনের জন্য জমা দেয়া দুই লাখ রুপির বন্ডও বাজেয়াপ্ত করার আদেশ দেয়া হয়। মুশাররফকে ফিরিয়ে আনার জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর আদালত চাপ সৃষ্টি করবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

গত জুলাই মাসে অন্য একটি আদালতও জেনারেল মুশাররফের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল। তবে এখন পর্যন্ত তা কার্যকর করা হয় নি।#

পার্সটুডে/মূসা রেজা/১৮