কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদী হামলা: ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করল পাকিস্তান
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সেনা ব্রিগেড সদরদপ্তরে বিচ্ছিন্নতাবাদী হামলায় কোনো ধরণের ভূমিকা থাকার অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। কাশ্মিরের বারামুল্লার উরি সেক্টরে সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে সাম্প্রতিক হামলার ঘটনায় পাকিস্তান জড়িত বলে ভারতীয় সামরিক এবং বেসামরিক নেতৃবৃন্দ জোরালো ভাষায় অভিযোগ করেছেন।
রোববার হামলা চলার সময়ই এ অভিযোগ করে নয়াদিল্লি। হামলায় ১৭ ভারতীয় সৈন্য ও চার গেরিলা নিহত হয়।
ভারতীয় সেনাব্রিগেডে হামলার কয়েক ঘণ্টা পরে ভারতীয় সামরিক অভিযান সংক্রান্ত মহাপরিচালক বা ডিজিএমও লে. জেনারেল রণবীর সিং তার পাকিস্তানি প্রতিপক্ষ মেজর জেনারেল সাহির শামশাদ মির্জার সঙ্গে হটলাইনের মধ্যমে যোগাযোগ করেন। পাকিস্তানি অনুপ্রবেশকারীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন রণবীর সিং।
হটলাইনে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছে পাক সেনাবাহিনীর আন্তঃজনসংযোগ বিভাগ- আইএসপিআর। ভারতের অভিযোগ নাকচ করে দিয়ে তিনি একে তার ভাষায় ‘ভিত্তিহীন এবং অপরিপক্ক মন্তব্য’ বলে অভিহিত করেন। এ ব্যাপারে কার্যকর গোয়েন্দা তথ্য থাকলে তা পাকিস্তানকে দেয়ার জন্য ভারতীয় প্রতিপক্ষকে অনুরোধ করেন তিনি। কাশ্মির সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে বলবত থাকায় অনুপ্রবেশ সম্ভব নয় বলেও দাবি করেন মেজর জেনারেল মির্জা।
এদিকে, পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিজ জাকারিয়াও ভারতীয় অভিযোগকে তার ভাষায় ‘ভিত্তিহীন এবং অনাকাঙ্ক্ষিত’ হিসেবে অভিহিত করেছেন।#
পার্সটুডে/মূসা রেজা/১৯