কাশ্মির সীমান্তে গুলি বিনিময়: পরস্পর বিরোধী বক্তব্যে পাক-ভারত
https://parstoday.ir/bn/news/world-i20722-কাশ্মির_সীমান্তে_গুলি_বিনিময়_পরস্পর_বিরোধী_বক্তব্যে_পাক_ভারত
পাকিস্তান এবং ভারত আজ (মঙ্গলবার) কাশ্মির সীমান্তে গুলি বিনিময় সম্পর্কে পরস্পর বিরোধী দাবি করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০১৬ ১৬:৫০ Asia/Dhaka
  • কাশ্মির সীমান্তে গুলি বিনিময়: পরস্পর বিরোধী বক্তব্যে পাক-ভারত

পাকিস্তান এবং ভারত আজ (মঙ্গলবার) কাশ্মির সীমান্তে গুলি বিনিময় সম্পর্কে পরস্পর বিরোধী দাবি করেছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি শহরের কাছে নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত পাক-ভারত সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। ভারতীয় সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কলিলা এ দাবি করেছেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনারা গুলি চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় এক পুলিশ কর্মকর্তাও বলেন, ওই এলাকায় ক্ষুদ্র আগ্নেয়াস্ত্রের গুলি বিনিময় হয়েছে।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যমে গুলি বিনিময়ের খবর প্রকাশিত হওয়ার এক ঘণ্টার মধ্যেই তা নাকচ করে দিয়েছে পাকিস্তান। পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া দাবি করেছেন, পাকিস্তানের পক্ষ থেকে কোনো গুলি বর্ষণ করা হয় নি।

তিনি বলেন, সীমান্তে কিছু তৎপরতা চলছে বলে ধারণা করা হচ্ছে তবে পাক সীমান্তের দিকে কোনো তৎপরতা চলেনি বা সেখান থেকে কোনো গুলি ছোঁড়া হয় নি।

এদিকে, নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি বর্ষণের কোনো ঘটনা ঘটে নি বলে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরবাদ থেকে এক পদস্থ সেনা কর্মকর্তা দাবি করেছেন।#

পার্সটুডে/মূসা রেজা/২০